প্রথমাদের প্রথম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এখানে অচেনা আগন্তুক হিসেবে এসেছি/ আমার চারপাশের মুখগুলোও ছিল অচেনা/ বাড়িঘর সবকিছু থেকে যোজন দূরের আমি/ একসময়ে সবার পরিচিত হয়ে উঠলাম,/ এখন আর আমরা একা নই, একা নই, একা নই...’

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীদের পরিচিতি সংগীতের (স্টুডেন্ট অ্যানথেম) কয়টা লাইন। ইংরেজিতে গাওয়া গানটি সবাইকে নাড়া দিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কণ্ঠে এ গানে গিটার ছাড়া যন্ত্রসংগীতের কোনো আতিশয্য ছিল না। তবু সমাবর্তনের শেষ আয়োজনের গানটি যেন শিক্ষার্থী-শিক্ষক ও অতিথিদের একাত্ম করে দেয়।

১৮ মে ছিল চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) প্রথম সমাবর্তন অনুষ্ঠান। ঘূর্ণিঝড় মহাসেন চলে যাওয়ার পরে সবেমাত্র আলোর ঝলকানি লেগেছিল সেদিন। পতেঙ্গা সৈকতের কাছাকাছি চট্টগ্রাম বোট ক্লাব এলাকায় আয়োজন করা হয় সমাবর্তন অনুষ্ঠানের। সকালের আলো ফোটার পর থেকেই বলা চলে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

আগে থেকেই মিলনায়তনের ওপর তলায় সমাবর্তনের সাজ নিয়ে অপেক্ষায় ছিলেন ১৩৪ জন স্নাতক ডিগ্রিধারী। ধীরে ধীরে শিক্ষার্থী-অভিভাবক, অতিথিরা এসে পৌঁছান।

ঘড়ির কাঁটা ১০টা ছুঁই ছুঁই করছে, ঠিক তখনই ভেসে এল অনুষ্ঠানের উদ্বোধনী সুর। সবাই উঠে দাঁড়ালেন। অতিথির মঞ্চের দিকে এগিয়ে গেলেন। এরই মধ্যে ডিগ্রিধারী শিক্ষার্থীরাও নেমে এলেন একের পর এক। দুই পাশে দাঁড়ানো শিক্ষকদের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা বসে পড়লেন নিজ নিজ আসনে।

সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এইউডব্লিউর ট্রাস্টি ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। মূল বক্তব্য উপস্থাপন করেন উন্নয়নকর্মী ও টিভি প্রযোজক মারিনা মাহাথির, যিনি মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের মেয়ে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আহমাদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও কুয়েত ওয়াক্ফ পাবলিক ফাউন্ডেশনের উপমহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জালাহমা, ফ্যাকাল্টি ডিন জিনি গ্যারেট, স্টুডেন্টস ডিন ফাতিমা হক প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ। স্নাতক ডিগ্রিধারীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ইউমনা হুদা।

মারিনা মাহাথির তাঁর বক্তব্যে নিজের বহুমাত্রিক কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে অনুপ্রাণিত করেন। এ ক্ষেত্রে শিক্ষাকে তিনি বড় হাতিয়ার হিসেবে বিবেচনা করেন। তাঁর মতে, শিক্ষাই হচ্ছে নারীর অগ্রগতির মূল চালিকাশক্তি।

সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষ হয় সনদ বিতরণের মাধ্যমে। এরপর শুরু হয় ফটোসেশন। বন্ধু আর প্রিয় শিক্ষকের সঙ্গে। এ সময় অনেক দিনের স্মৃতি মনে করেই শিক্ষক-শিক্ষার্থীদের কেউ কেউ ভারাক্রান্ত হয়ে পড়েন। সবার অলক্ষ্যে অনেকেই তাই দুই চোখ মুছছিলেন।

এইউডব্লিউ থেকে পরিবেশবিজ্ঞানের ওপর স্নাতক ডিগ্রি নিয়েছেন নেপালের অর্চনা চৌধুরী। বললেন, ‘আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছি। কিন্তু এ কয়দিনেই আমরা এত কাছের হয়ে গেছি, আজ ছেড়ে যেতে বুক ভারী হয়ে আসছে।’ অর্চনার দুই ভাই আর বাবা-মা থাকেন নেপালে। বাবা স্বাস্থ্য কর্মকর্তা, মা গৃহিণী। দুই ভাই সেখানে পড়াশোনা করছেন। নেপালে ফিরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করবেন। ইচ্ছে আছে কলেজে শিক্ষকতার।

শ্রীলঙ্কার লিন্ডা উয়িজেসিংহে রাজনীতিবিজ্ঞান, দর্শন ও অর্থনীতি বিষয়ে (পিপিই) স্নাতক। ২২ মে লিন্ডা দেশে ফিরে যাবেন বলে জানান। দেশে ফিরে ডেমো টিচার (শ্রীলঙ্কায় নতুন নিয়োগ পাওয়া কলেজশিক্ষকের পদবি) হিসেবে যোগ দেবেন। লিন্ডার বাবা স্কুলশিক্ষক আর মা গৃহিণী।

চট্টগ্রামের ফায়েকা জাবীন সিদ্দিকা বললেন, ‘এখানে পড়াশোনার ফলে আমরা যেসব অভিজ্ঞতা লাভ করেছি, তা অতুলনীয়। কারণ, অন্যান্য ভার্সিটিতে পড়া আমার বন্ধুরা এত সুযোগ পায়নি।’ ফায়েকা ইন্টার্নশিপ করেছেন চীনে। কাজ করেছেন ঢাকার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রবি অ্যাক্সিয়েটা লিমিটেড, মুম্বাইয়ের ইউবিএসে। এশিয়ান স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন। ভবিষ্যতে উন্নয়নকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান। এইউডব্লিউতে পড়াশোনার মাধ্যমে এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। বাবা রফিক সিদ্দিকী ও মা সাবিনা বানু দুজনই চিত্রশিল্পী। বড় বোন ঢাকায় পড়াশোনা করছেন। আর ছোট ভাই পড়ছে চট্টগ্রাম কলেজে একাদশ শ্রেণীতে।

জোথি নায়ার এইউডব্লিউতে পড়তে এসেছিলেন ভারতের কেরালা থেকে। তাঁর এক বোনও এইউডব্লিউতে পড়ছেন। বাবা কৃষিজীবী, মা গৃহিণী। তাঁর স্নাতকের বিষয় ছিল রাজনীতিবিজ্ঞান, দর্শন ও অর্থনীতি। দেশে ফিরে মাস্টার্স ও পিএইচডি করার ইচ্ছে রয়েছে। এর ফাঁকে তিনি কোনো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন।