প্রবেশপত্র নিয়ে এ কেমন হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের প্রবেশপত্র চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বাবার আবেদন
মেয়ের প্রবেশপত্র চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে বাবার আবেদন

এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা শতভাগ পাস না করলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হবে। এ অজুহাতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার পরও দুজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দিচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরে আসাদ অ্যাভিনিউতে অবস্থিত ফিরোজা বাশার আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। এখন এই অভিভাবকেরা সন্তানের প্রবেশপত্র পাওয়ার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের বাড়ি পর্যন্ত ধরনা দিয়েছেন।
ফিরোজা বাশার আইডিয়াল কলেজের স্কুল শাখার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানটি গত তিন বছর এসএসসিতে শতভাগ পাসের সুনাম অর্জন করেছে। এই দুই শিক্ষার্থী পাস করতে পারবে না বলেই তাদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। অন্যদিকে অভিভাবকেরা বলছেন, যদি পরীক্ষা দিতে নাই দেওয়া হয়, তাহলে ফরম পূরণ করতে দেওয়া হলো কেন?
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই প্রবেশপত্র আটকে রাখতে পারে না। এটা কোনো মামাবাড়ির আবদার নয়। বোর্ড যেখানে প্রবেশপত্র দিয়ে রেখেছে, সেখানে তারা এটা করতে পারে না। এ ধরনের ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবেশপত্র না পাওয়া দুই শিক্ষার্থীর একজনের অভিভাবক আবদুল মান্নান। বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকুরে এই অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘প্রবেশপত্রটি আমার মেয়ের প্রাপ্য। নিয়মমাফিক নয় হাজার টাকা ফি দিয়ে ফরম পূরণ করেছি। কিন্তু এখন বলছে, আমার মেয়ে পরীক্ষায় পাস করতে পারবে না, তাই তার প্রবেশপত্র দেবে না। আমি মেয়ের প্রবেশপত্র পেতে অধ্যক্ষের বাড়ি পর্যন্ত গিয়ে অনুরোধ করেছি।’
আবদুল মান্নান বলেন, ‘আমি জানি আমার মেয়ে ভালো ছাত্রী না। মেয়ে জিপিএ-৫ পাবে বা ভালো ফলাফল করবে, তা আমরাও চাই না। কিন্তু এই যুগে মেয়েকে বিয়ে দিতে হলেও তো এসএসসি পাস করাতে হবে। এর আগে স্কুলের পক্ষ থেকেই অন্য স্কুলের মাধ্যমে মেয়েকে পরীক্ষা দেওয়াতে বলে। স্কুল কর্তৃপক্ষ যাদের কাছে পাঠায়, তারা ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু আমি এত টাকা কোথা থেকে দেব? এ ছাড়া আমার মেয়ে পরীক্ষায় খারাপ ফলাফল করলে তার দায়দায়িত্ব আমার—এমন লিখিতও দিতে হয়েছে। তাহলে আমার মেয়ের প্রবেশপত্র দিতে সমস্যাটা কোথায়? বোর্ড থেকে যদি প্রবেশপত্র না আসত, তখন না হয় একটা কথা ছিল। মেয়েও এখন মানসিকভাবে ভেঙে পড়েছে।’
আজ বৃহস্পতিবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছে আবদুল মান্নান একটি লিখিত আবেদন করেছেন। স্কুলে তা দিয়ে এসেছেন। তবে স্কুলের পক্ষ থেকে কেউ সই করে সে আবেদন গ্রহণ করেননি।
আবদুল মান্নান বলেন, ‘প্রবেশপত্রের জন্য আমি অধ্যক্ষের বাসায় গেলে তিনি আমাকে ‘‘নির্লজ্জ’’ পর্যন্ত বলেছেন।’
আবদুল মান্নানের মেয়ে মালিয়াত বিনতে মান্নান ওই স্কুলে নবম শ্রেণি থেকে পড়ছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ছে। সে টেস্ট পরীক্ষাতেও পাস করতে পারেনি। মূল পরীক্ষায় পাস করতে পারবে বলে প্রত্যাশা নিয়ে সে ফরম পূরণ করেছে বলে জানান আবদুল মান্নান।
টেলিফোনে স্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই মেয়ে পরীক্ষায় পাস করতে পারবে না, তা বারবার তার অভিভাবকদের জানানো হয়েছে। টেস্ট পরীক্ষায় সে খুব খারাপ করে। মেয়েকে অন্য কোনো স্কুল থেকে পরীক্ষা দেওয়াতে বলা হয়। তখন মেয়ের বাবা বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। এমনকি আমরা যে বাসা ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি চালাচ্ছি, এর মালিককে দিয়েও অনুরোধ করেন। বুঝতেই পারছেন, তখন আমরা বাধ্য হই মেয়ের ফরম পূরণের জন্য। তবে মেয়ের বাবার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। এখন আপনিই বলেন, এই মেয়েকে কি পরীক্ষা দেওয়ানো যায়?’
মেয়ের বাবা ফরম পূরণ বাবদ যে নয় হাজার টাকা দিয়েছেন, এর রসিদ আছে জানালে শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান তিন বছর ধরে শতভাগ পাসের সুনাম অর্জন করেছে। এই মেয়েকে পরীক্ষা দিতে দিলে সে ফেল করলে সেই সুনাম থাকবে না। তবে এই মেয়ে পরের বার পরীক্ষা দিলে তার কাছ থেকে ফরম পূরণের টাকা নেওয়া হবে না।’
তিনি জানান, এবার পাস করতে পারবে না বলে আশঙ্কা থেকে ওই স্কুলের আরেকজন শিক্ষার্থীকেও পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। ফিরোজা বাশার আইডিয়াল কলেজটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লেখা রয়েছে, প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত এবং প্রতিষ্ঠানের প্রকল্প, অর্থায়ন ও বাস্তবায়নে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একটি পেজ খুলেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ আহমেদের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।