প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষার প্রতি বিষয়ের বিষয় কোড অবশ্যই সঠিকভাবে লিখবে। পরীক্ষা চলাকালীন সময়সূচি ভালো করে দেখে প্রস্তুতি গ্রহণ করবে।
মনে রাখবে, এখন থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমাদের প্রতিটি ঘণ্টা অনেক মূল্যবান। কাজেই তোমাদের সময়ের সদ্ব্যবহার করে উত্তম প্রস্তুতি নেওয়া অতীব জরুরি। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে উপস্থিত থাকবে। পরীক্ষার উত্তরপত্র পেয়েই রোল নম্বর, রেজি নম্বর ও বিষয় কোডের ডিজিটগুলো নির্ধারিত স্থানে সঠিকভাবে লিখবে। পরে ডিজিট অনুসারে সঠিক বৃত্তটি কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করবে।
উত্তরপত্রে প্রয়োজনীয় তথ্য লেখা ও বৃত্ত ভরাটকালে কোনোক্রমেই তাড়াহুড়া করবে না, এতে ভুল হতে পারে। প্রতিটি বিষয়ে নিয়মিত অনুশীলন করে তোমরা যেন কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারো সে কামনাই করছি।
প্রধান শিক্ষক, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল