প্রশ্ন পড়ে উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্যও পাঠ্যবইয়ের সব অধ্যায় ভালো করে পড়তে হবে। সব অধ্যায় ভালো করে পড়ে, বুঝে এবং যেকোনো নতুন পরিস্থিতিতে পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস নিয়মিত অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে।

উদ্দীপকটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, উদ্ধৃতি, মন্তব্য, চিত্র, ছবি ইত্যাদির মাধ্যমেও হতে পারে। উদ্দীপকটি সাধারণত হয় মৌলিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কাজ হবে সুনির্দিষ্ট ধারণা খুঁজে বের করা। সেই ধারণাটিকে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা।
সৃজনশীল প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি অবশ্যই পড়ে নেবে। বিশেষ করে গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি অবশ্যই কয়েকবার পড়ে নিতে হবে। যুক্তি ও তথ্যপ্রমাণ উপস্থাপনের মাধ্যমে সমস্যাটি পাঠ্যপুস্তকের অর্জিত জ্ঞানের আলোকেই সমাধান করতে হবে। এখানে তুমি গতানুগতিক ধারায় না লিখে যত সুন্দর করে লিখতে পারবে, তত ভালো নম্বর পাবে। প্রসঙ্গক্রমে তোমার সেখানে যে তথ্য, তত্ত্ব, যুক্তি ও রেফারেন্স আনা দরকার, তোমাকে ঠিক সেভাবেই দিতে হবে। উচ্চতর দক্ষতা অংশে তোমাকে বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করতে হবে। ছোট ছোট বাক্যে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে উত্তর করবে। উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।
বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকেই প্রশ্ন করা হয়। সুতরাং বহুনির্বাচনি অংশের জন্য তোমাদের ভালো করে পাঠ্যবই বারবার পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের বিষয় সংশ্লিষ্ট সব সাল, তারিখ, নাম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, পটভূমি প্রভৃতি খুব ভালো করে পড়তে হবে। সাল-তারিখ ঠিকঠাক মনে রাখতে হলে তোমাদের কিন্তু নিয়মিত অনুশীলন করতে হবে।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর