প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ভালো করতে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় সংশ্লিষ্ট সন, তারিখ, নাম, বিভিন্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, ঘটনা ইত্যাদি ভালোভাবে আয়ত্ত করবে। সৃজনশীল প্রশ্ন পাঠ্যবইয়ের যেকোনো অধ্যায় থেকেই করা হতে পারে। সেজন্য পাঠ্যবইয়ের সব অধ্যায় ভালো করে পড়ে, বুঝে এবং যেকোনো নতুন পরিস্থিতিতে পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হবে। এটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, উদ্ধৃতি, মন্তব্য, চিত্র, ছবি ইত্যাদির মাধ্যমেও হতে পারে।
উদ্দীপকটি হয়ে থাকে নতুন ও বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কাজ হবে সুনির্দিষ্ট ধারণা খুঁজে বের করা। আর সে ধারণাটিকে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা।
সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার আগে উদ্দীপকটি অবশ্যই পড়ে নেবে। উদ্দীপকের গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি বারবার পড়ে নেবে। গ নম্বরের প্রশ্নোত্তর যেন ঘ নম্বরের চেয়ে বড় না হয় সেদিকে লক্ষ রাখবে। ভালো করতে পাঠ্যবই পড়ো। পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। তবে প্রশ্নের ধরন বোঝার জন্য পত্রিকায় নিয়মিত যেসব মডেল প্রশ্ন ছাপা হচ্ছে সেগুলো সংগ্রহে রাখবে। মনে রাখবে, ছয়টি প্রশ্নের উত্তর যাতে লিখে শেষ করতে পারো, সেভাবে সময়টাকে ভাগ করে নেবে। ছোট ছোট বাক্যে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে উত্তর করবে। প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর