প্রশ্নের ঝাঁপি খুলুক
আমাদের প্রাণের উৎসবের এক যুগ পার হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি জেলায় গণিত অলিম্পিয়াড হলেও এখনো বেশ কিছু জেলায় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ছোঁয়া লাগেনি । এবার শুরু থেকেই আমরা উৎসবকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবারের ২৪টি আঞ্চলিক উৎসবের মধ্যে ১১টি ভেন্যুই নতুন। গত ১৯ ডিসেম্বর উৎসবের দিন খুব ভোরেই সবাই হাজির। কি নতুন, কি পুরোনো—সব ভেন্যুতেই একই দৃশ্য। রাজশাহীতেও আমরা একই দৃশ্য দেখেছি। পাবনা উৎসবে শিক্ষার্থীদের প্রশ্ন শুনে মনে হয়নি এটি একটি নতুন ভেন্যু। পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষক উপস্থিত ছিলেন উৎসবে। পাবনায় একটি গণিত ক্লাবের সূচনা করার দায়িত্ব নিজেরাই নিয়েছেন। রাজশাহী উৎসবের বিশেষ আকর্ষণ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক এবং আমাদের সবার শ্রদ্ধেয় অধ্যাপক অরুণ কুমার বসাক স্যার। স্যারকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মাথায় তাই ব্ল্যাকহোল, মহাজাগতিক রশ্মি কিংবা বিগ ব্যাংয়ের প্রশ্ন ভর করে।
প্রশ্নোত্তর পর্বটি ক্রমেই হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। ‘পাশাপাশি উত্তর নয়, প্রশ্নেই মেধায় স্বাক্ষর’—এই বোধটিও ক্রমেই ব্যাপ্তি লাভ করছে। উৎসবের সীমানা ছাড়িয়ে শিক্ষার্থীদের এই প্রশ্নের ঝাঁপি যদি স্কুল আর বাড়িতে খোলার চর্চা শুরু হয়, তাহলেই আমাদের মতো হ্যামিলিনের বাঁশিওয়ালাদের ছুটি মিলবে। গণিত উৎসবের জয় হোক।