অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকাপরীক্ষার পূর্ব মূহুর্তে চুড়ান্ত প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা পরিকল্পিত ভাবে এগুতে হবে। প্রথমে রিভিশন রুটিন তৈরী করে সে অনুযায়ী অপেক্ষাকৃত দূর্বল অধ্যায়গুলো আগাগোড়া পড়তে হবে। অনেক শিক্ষার্থী প্রশ্ন কমন পড়েছে বা সহজ হয়েছে দেখে অতিরিক্ত ইজি গোয়িং হয়ে কিছুটা ধীরগতি হয়ে পড়ে এবং উত্তর লিখতে বিলম্ব করে, ফলে শেষ পর্যন্ত দেখা যায় হাতে আর সময় থাকে না। তখন তাড়াতাড়ি করে উত্তর লিখতে ভুল করে বসে। তাই অতি উত্ফুল্ল হওয়া চলবে না। পরীক্ষা চলাকালিন যেকোন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে নিজেদের সামাল দিতে পারে, সেজন্য শিক্ষক কিংবা অভিভাবকদের উচিত, সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী তা সমাধানের লক্ষ্যে কাউন্সিলিং প্রদান করা। অনেক মেধাবী শিক্ষার্থীই আছে যারা গোল্ডেন এ প্রাপ্তির ব্যপারে মোটামোটি নিশ্চিত, তারা প্রশ্ন হাতে নিয়ে যদি দেখে যে, প্রথম প্রশ্নটিই আনকমন, সেক্ষেত্রে ঘটতে পারে অনেক অঘটনই! তাই এসব মূহুর্তে শিক্ষার্থীরা যাতে নিজেদের সামলে নিতে পারে, সেজন্য তাদেরকে বুঝাতে হবে যে; একটি কমন পড়েনি বলে হতাশ না হয়ে বরং অন্যগুলো ভালভাবে লিখে তা মেকাপ করার চেষ্টা করতে হবে। অর্থাত্ এক অনিষ্টের জন্য যাতে দশ অনিষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ প্রস্তুতি যত ভালোই হোক-না-কেন, সামান্য হেরফের হতেই পারে। ফলে বিষয়টিকে মেনে নিয়ে পরীক্ষার হলে নিজেকে স্বাভাবিক রেখে আগে ভালো জানা প্রশ্নোত্তরগুলো শেষ করতে হবে।