ক্রিয়াপদের চলিত রূপ অংশ-৮প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।২১.প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হইত মূল্যবান মসলিন কাপড়। তাঁতিরা এখনো রেশমি, জামদানি ও সুতি কাপড় বোনে। মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, জামদানি, টাঙ্গাইল ও বালুচরি এ দেশের বিখ্যাত বস্ত্র। এই আমাদের দেশ আর দেশের মানুষ। আমরা ভালোবাসি এই দেশ, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে।উত্তর: প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড়। তাঁতিরা এখনো রেশমি, জামদানি ও সুতি কাপড় বোনে। মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, জামদানি, টাঙ্গাইল ও বালুচরি এ দেশের বিখ্যাত বস্ত্র। এই আমাদের দেশ আর দেশের মানুষ। আমরা ভালোবাসি এই দেশ, ভালোবাসি এই দেশের মাটি ও মানুষকে।২২.আষাঢ় ভরা বর্ষার মাস। এ সময় আকাশ কালো মেঘে ঢাকিয়া যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। ধানের খেত জলে ভরিয়া ওঠে। পথঘাট প্লাবিত হয় অবিশ্রান্ত বৃষ্টিতে। চারদিকে অন্ধকার ঘনাইয়া আসে। এ সময় বাহিরে যাওয়ার উপায় থাকে না। কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজিয়া আনে, যাহারা বাহিরে গিয়াছে তাহারা ফিরিয়া আসিল কি না খোঁজখবর নেয়। কারণ, সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হইয়া যাইবে।উত্তর: আষাঢ় ভরা বর্ষার মাস। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। ধানের খেত জলে ভরে ওঠে। পথঘাট প্লাবিত হয় অবিশ্রান্ত বৃষ্টিতে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। কৃষক সন্ধ্যার আগেই তার গাভিটিকে খুঁজে আনে, যারা বাইরে গেছে তারা ফিরে এল কি না খোঁজখবর নেয়। কারণ, সন্ধ্যার আগেই নদী পারাপারের খেয়া বন্ধ হয়ে যাবে।২৩.অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানিতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করিতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝিতে চায় কেন মানুষ ছুটিতেছে অসীমে, অতলে, অন্তরিক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানিতে চায় ডুবুরি কেন ডুবিছে, দুঃসাহসী কেন উড়িতেছে। উত্তর: অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে; বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় ডুবুরি কেন ডুবছে, দুঃসাহসী কেন উড়ছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল