সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকাসৃজনশীল পদ্ধতি অংশ-১২০১১ সালের এসএসসি পরীক্ষায় বাংলা ও ইসলাম শিক্ষার সঙ্গে সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল ও ব্যবসায় পরিচিতি বিষয়ের প্রশ্নপত্রে ৪০ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন এবং ৬০ নম্বর রচনামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি, ইতিমধ্যেই তোমরা সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা লাভ করেছ এবং সেভাবেই এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। ব্যবসায় পরিচিতি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে তোমাদের এ ধারণাকে আরও সুদৃঢ় করার জন্য নিচে আলোচনা করা হলো।সৃজনশীল প্রশ্ন কী: কোনো বিষয়, ঘটনা বা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীর ধারণার পরিপূর্ণ দিকটি পরিমাপের উদ্দেশ্যে একটি প্রশ্নের পরিবর্তে যখন সংক্ষিপ্ত উত্তরমূলক পরস্পর সম্পর্কযুক্ত এবং একই কাঠামোর অন্তর্ভুক্ত একাধিক বা একগুচ্ছ প্রশ্নপত্রের প্রয়োগ হয় তখন তাকে সৃজনশীল প্রশ্ন বলে। একটি সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশ, চিন্তার বিভিন্ন স্তর যাচাই করতে পারে। তোমাদের পরীক্ষাব্যবস্থার জন্য প্রস্তাবিত সৃজনশীল প্রশ্নে চারটি অংশ বিদ্যমান। প্রথম স্তরটি জ্ঞানমূলক। অংশটি অত্যন্ত সহজ, যা নিতান্তই স্মৃতিনির্ভর। এটি স্মরণ রাখা প্রয়োজন, যে তথ্যটি জানতে চাওয়া হবে সেটা যেন পাঠ্যবইয়ের জন্য সত্য হয়। বিভিন্ন পাঠ্যবইয়ে তথ্যের তারতম্যের জন্য শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তা ছাড়া তথ্যটি হতে হবে সর্বজনীন। প্রশ্নটি স্মৃতিনির্ভর হলেও সেটা যেন অর্থবহ ও শিক্ষণীয় হয়।সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় অংশটি অনুধাবন স্তরের প্রশ্ন। এটি হলো শিক্ষাক্রমের আওতায় পাঠ্যবইয়ের বিষয়বস্তু অনুধাবন করার ক্ষমতা পরিমাপক। প্রশ্ন প্রণয়নের সময় এ অংশে কোনো ঘটনা বা বিষয়বস্তুর কারণ জানতে চাওয়া হয়। পাঠ্যবইয়ে ঘটনা বা বিষয়বস্তুর বিবরণ দেওয়া থাকে, কিন্তু প্রশ্ন প্রণয়নের সময় সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। বিষয়বস্তু সম্বন্ধে সম্যক ধারণা হয়েছে কি না, তা একটু ভিন্নভাবে প্রশ্ন করে জানতে চাওয়া হয়।প্রশ্নের তৃতীয় অংশটি হলো প্রয়োগ স্তরের প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের এ অংশটি ভালো মানের উদ্দীপকের ওপর নির্ভরশীল। অর্থাৎ উদ্দীপক যদি খুব মানসম্পন্ন হয় তবে প্রয়োগদক্ষতার প্রশ্নটি প্রণয়ন করা সম্ভব। এ প্রশ্নটির উত্তর কোনোক্রমেই পাঠ্যপুস্তকে সরাসরি থাকবে না। পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালো করে পড়লে সে বিষয়ে পরিষ্কার ধারণা হবে এবং সেটা নতুন পরিবেশে প্রয়োগ করার ক্ষমতাই প্রয়োগদক্ষতা।সৃজনশীল প্রশ্নের চতুর্থ অংশটি হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। এ স্তরের প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর বিচার-বিবেচনা করার ক্ষমতা, কোনো বিষয় বা ঘটনা বিশ্লেষণ করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, মূল্যায়ন করার দক্ষতা ইত্যাদি যাচাই করা হয়। এ প্রশ্নের উত্তর কোনো অবস্থাতেই পাঠ্যবইয়ে সরাসরি থাকবে না। পাঠ্যপুস্তক যাদের ভালোভাবে পড়া থাকবে, যারা বিভিন্ন বিষয় নিয়ে সব সময় চিন্তা-ভাবনা করে, বিচার-বিশ্লেষণ করে, পাঠ্যপুস্তকের বাইরেও যারা পড়াশোনা করে, যাদের লেখালেখির অভ্যাস আছে, তারা এ রকম প্রশ্নের জবাব লিখতে বেশি আত্মবিশ্বাসী হবে।# সৃজনশীল প্রশ্নের গঠনপ্রক্রিয়া বা নিয়ম।# সাধারণত সব সৃজনশীল প্রশ্ন একটি উদ্দীপক বা দৃশ্যকল্প (Scenario/stem) দিয়ে শুরু হয়।# অন্যান্য বিষয়ের মতো ব্যবসায় পরিচিতি বিষয়ের উদ্দীপক বা দৃশ্যকল্পটি হবে মৌলিক। পাঠ্যপুস্তক থেকে সরাসরি এ দৃশ্যকল্প তুলে দেওয়া যাবে না। পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর আলোকে দৃশ্যকল্প হতে পারে, সংবাদপত্র থেকে নেওয়া কোনো তথ্য, কোনো চিত্র, ডায়াগ্রাম, সারণি বা চার্ট। প্রশ্নপ্রণেতা দৃশ্যকল্পটিকে অবশ্যই আকর্ষণীয় ও সহজে বোধগম্য করে প্রণয়ন করবেন।# প্রতিটি সৃজনশীল প্রশ্ন দক্ষতার কাঠিন্যের ক্রমানুযায়ী তৈরি করা হয়। সাধারণত এ জাতীয় প্রশ্নে তিন থেকে চারটি অংশ থাকে। গণিত ও হিসাববিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন হবে তিনটি। কাঠিন্যের অংশ অনুযায়ী প্রশ্নের মান বণ্টন নিচে দেওয়া হলো:১. ক অংশ: জ্ঞান স্তর (তথ্য/ধারণা স্মরণ করা) ১ নম্বর।২. খ অংশ: অনুধাবন স্তর (বিষয়বস্তু/ধারণা ব্যাখ্যা করতে পারা) ২ নম্বর।৩. গ অংশ: প্রয়োগ স্তর (অনুধাবন করা ধারণাকে নতুন পরিস্থতিতে প্রয়োগ করতে সক্ষম কি না) ৩ নম্বর।৪. ঘ অংশ: (উচ্চতর চিন্তনদক্ষতার স্তর) কোনো বিষয় বিশ্লেষণ, সংশ্লেষণ বা মূল্যায়ন করার ক্ষমতা ৪ নম্বর।সৃজনশীল প্রশ্নের ভালো দিক: ক) প্রশ্নের বিভিন্ন অংশের মাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন দক্ষতা যাচাই করা যায়। খ) প্রশ্নের অংশগুলোর মধ্যে সহসম্পর্ক বিদ্যমান থাকে এবং এর মাধ্যমে কোন ঘটনা সম্পর্কে একটি নিরবচ্ছিন্ন ধারণা লাভ করা সম্ভব। গ) সহজ অংশ দিয়ে প্রশ্ন শুরু হয় এবং পর্যায়ক্রমে তা কঠিন করা হয়। প্রশ্নের এ কাঠামোর জন্য দুর্বল শিক্ষার্থীরা উপকৃত হয় এবং প্রশ্ন উত্তর দিলে আত্মবিশ্বাসী হয়। ঘ) সৃজনশীল প্রশ্ন দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত সুচারুভাবে আলাদা করতে পারে। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নের প্রাথমিক ধাপগুলো অতিক্রম করতে পারে, কিন্তু পরের ধাপগুলো অতিক্রম করা তাদের জন্য কঠিন হয়। শুধু ভালো শিক্ষার্থীরাই শেষের দিকের কঠিন ধাপগুলোর উত্তর দিতে সক্ষম হয়। ঙ) একটি প্রশ্নের সেটে প্রতিটি প্রশ্ন একই নিয়মে প্রণয়ন করা হয়। প্রতিটি প্রশ্নের চারটি অংশ থাকে এবং সেই অংশগুলো ধারাবাহিকভাবে চারটি দক্ষতা যাচাই করে। ফলে প্রশ্নপত্রে প্রশ্নগুলো সাজাতে অসুবিধা হয় না। তা ছাড়া প্রশ্নগুলো একই মানের ও সমদক্ষতাসম্পন্ন হয়। চ) শিক্ষার্থীরা সহজ ও কঠিন অংশের উত্তর দিতে কতটা পারদর্শী তা যাচাই করা যায়। ফলে পরবর্তীতে শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। ছ) একটি প্রশ্ন দিয়ে একই বিষয়বস্তুর উপর বিভিন্ন ধরনের দক্ষতা যাচাই করা যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল