প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী ২২ নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। এবার প্রথমবারের মতো দেশের ৬৪টি জেলাকে আটটি ভাগে ভাগ করে আট সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। এত দিন সারা দেশে এক সেটে পরীক্ষা নেওয়া হতো।

আজ বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবতেদায়ি পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন।

২৯ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চান, বিভিন্ন মহল থেকে এ পরীক্ষা থাকা উচিত নয় বলে বলা হচ্ছে। জবাবে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে বলা আছে, প্রাথমিক স্তর হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। যখন সেটা হবে, তখন এই পরীক্ষা থাকবে কি না, সেটা ভেবে দেখা হবে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার কথা।

সংবাদ সম্মেলনে মন্ত্রীর কাছে আরও জানতে চাওয়া হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন যে জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাবলিক পরীক্ষা না; জাতীয় পর্যায়ের পরীক্ষা। আপনি বলছেন, এটি পাবলিক পরীক্ষা। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, এটি পাবলিক পরীক্ষা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ-উল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রমুখ।