প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: বায়ুর চারটি উপাদানের নাম লেখ।
উত্তর: বায়ুর চারটি উপাদান হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প।
প্রশ্ন: অ্যাসিড বৃষ্টি কী?
উত্তর: সাধারণত কয়লা পোড়ালে কয়লায় বিদ্যমান সালফার পুড়ে সালফারের অক্সাইড উৎপন্ন হয়। সালফারের অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিডযুক্ত করে। যখন অ্যাসিডযুক্ত বৃষ্টির পানি বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে।
প্রশ্ন: রান্নাঘরে বায়ুদূষণ কমানো যায় কীভাবে?
উত্তর: রান্নাঘরে বায়ু দূষিত হয়। রান্নাঘরে বায়ুদূষণ কমানোর উপায় হলো—
১. কম জ্বালানি ব্যবহৃত হয় এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করে। ২. উন্নত চুলা ব্যবহার করে। ৩. রান্নাঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা তৈরি করে। ৪. প্রয়োজন ছাড়া চুলা ব্যবহার না করে।
প্রশ্ন: ইটের ভাটার দূষণের প্রভাব কীভাবে কমানো যায়?
উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ুতে মিশলে বায়ুদূষণ হয়। ইটের ভাটার দূষণের প্রভাব কমানোর উপায় নিচে দেওয়া হলো—
১. ইটের ভাটা লোকালয় হতে দূরে স্থাপন করে। ২. উঁচু চিমনি ব্যবহার করে।
৩. ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া বাতাসে মেশার আগে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। ৪. অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করে।
প্রশ্ন: কোথায় কোথায় বায়ু আছে?
উত্তর: বায়ু আছে এ রকম অবস্থানগুলো নিচে দেওয়া হলো—
১. আমাদের চারদিকে বায়ুমণ্ডলে বায়ু আছে।
২. মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু আছে।
৩. পানিতেও বায়ু মিশে আছে।
রচনামূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: বায়ুপ্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি?
উত্তর: বায়ুপ্রবাহকে ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারি। যেমন:
১. বায়ুপ্রবাহকে ব্যবহার করে আমরা বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি।
২. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করতে পারি।
৩. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো যায়।
৪. ভেজা কাপড় কিংবা চুল শুকাতে বায়ুপ্রবাহকে কাজে লাগানো যায়।
৫. প্রবাহিত বায়ু আমাদের শরীরের তাপ শোষণ করে। তাই আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হাতপাখা ও বৈদ্যুতিক পাখা থেকে বায়ুপ্রবাহকে ব্যবহার করি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা