প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
রচনামূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: বায়ু কীভাবে দূষিত হয় তা আলোচনা করো।
উত্তর: বায়ু প্রধানত মানুষের কর্মকাণ্ডের ফলে দূষিত হয়। নিচে বায়ুদূষণের কিছু কারণ উল্লেখ করা হলো—
১. গাছপালা পোড়ালে যে ধোঁয়া উৎপন্ন হয়, তা বায়ুকে দূষিত করে।
২. ইটের ভাটা, কলকারখানা, বাস, রেলগাড়ি, টেম্পো, বেবিট্যাক্সি থেকে নির্গত কালো ধোঁয়া বায়ু দূষিত করে।
৩. বায়ুতে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন কণা বেড়ে গেলে বায়ু দূষিত হয়।
৪. রান্নার জন্য চুলায় প্রাকৃতিক গ্যাস বা কাঠ পোড়ানোর সময় অক্সিজেনের অভাবে তা ভালোভাবে পোড়ে না, ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে বাতাস দূষিত করে।
৫. যক্ষ্মা ও বসন্ত রোগীদের হাঁচি-কাশি থেকে জীবাণু বায়ুতে মিশে বায়ু দূষিত করে।
প্রশ্ন: ধূমপান ক্ষতিকর কেন ?
উত্তর: ধূমপান বিষপান। ধূমপান স্বাস্থে্যর জন্য ক্ষতিকর। যে ব্যক্তি ধূমপান করে তার নানা অসুখ হয়। ধূমপায়ীদের ফুসফুসে ক্যানসার, মুখে ও দাঁতে নানা রোগ দেখা যায়। এসব রোগে ধূমপায়ীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সঙ্গে সঙ্গে বিড়ি-সিগারেটের ধোঁয়া বায়ুকে দূষিত করে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে, বিশেষ করে কেউ বদ্ধ ঘরে ধূমপান করলে সেই ঘরে থাকা মানুষের আরও বেশি ক্ষতি হয়। এ জন্য ধূমপান ক্ষতিকর।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা