প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা লেখো।
উত্তর: আমাদের এই পৃথিবীর চারদিকে দিগন্তবিস্তৃত মহাকাশ এত বিশাল যে এর সীমা-পরিসীমা সম্পর্কে কোনো ধারণাই করা যায় না। চাঁদ-সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগত্, এই বিশাল সৌরজগত্ মহাবিশ্বের একটি সদস্য মাত্র। সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক-একটি সমাবেশ তাকে বলে গ্যালাক্সি। আমাদের সৌরজগত্ যে গ্যালাক্সির সদস্য, তার নাম ছায়াপথ। প্রতিটি ছায়াপথে রয়েছে আবার কোটি কোটি নক্ষত্র। তবে বিজ্ঞানীদের ধারণামতে, মহাকাশে কোটি কোটি আলোকবর্ষ দূরে এমন অসংখ্য গ্যালাক্সি রয়েছে, যেগুলো থেকে পৃথিবী সৃষ্টির পর এ কয়েক শ কোটি বছরেও এখন পর্যন্ত আলো এসে পৌঁছায়নি। এসব গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে গঠিত হয়েছে মহাবিশ্ব। আমাদের সৌরজগত্ মহাবিশ্বের তুলনায় একটি বিন্দুর মতো।
প্রশ্ন: সূর্য নক্ষত্রের বৈশিষ্ট্য লেখো।
উত্তর: সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। এর বৈশিষ্ট্য নিম্নরূপ:
১. এটি একটি বিশাল আকারের উত্তপ্ত আগুনের গোলক।
২. এতে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আছে।
৩. আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চেয়ে ১৩ লাখ গুণ বড়।
৪. এর নিজস্ব আলো রয়েছে।
৫. সূর্যের জন্য দিন-রাতের পরিবর্তন হয়।
৬. পৃথিবীতে জীবনের উদ্ভব সম্ভব হয়েছে সূর্যের জন্য।
৭. সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।
প্রশ্ন: চিত্রসহ দিন-রাতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর: পৃথিবী এক জায়গায় স্থির থাকে না। পৃথিবী তার মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। পৃথিবী তার মেরুরেখার চারদিকে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। এ ২৪ ঘণ্টাকে বলা হয় এক দিন। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে, সেই অংশে দিন এবং অন্য অংশে রাত থাকে।
অর্থাত্ আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়ে থাকে। চিত্রসহ একটি পরীক্ষার মাধ্যমে তা ব্যাখ্যা করা হলো।
পরীক্ষার উপকরণ: একটি ভূগোলক, একটি মোমবাতি। একটি টেবিল।
পরীক্ষা: টেবিলের ওপর মোমবাতিটি জ্বালিয়ে তার সামনে ভূগোলকটি বসাই। ভূগোলকটির যে পাশে আলোটি আছে, সে পাশে আলোকিত হয়েছে, অন্য পাশে অন্ধকার। আলোকিত অংশটি দিন, অন্য অংশটি রাত। এবার গোলকটি আস্তে আস্তে ঘোরালে দেখা যাবে আলোকিত অংশটি ধীরে ধীরে অন্ধকারে যাচ্ছে এবং অন্ধকার অংশ আলোকিত হচ্ছে। এভাবে পৃথিবীর অর্ধেকাংশে দিন ও বাকি অর্ধেকে রাত চলতে থাকে।
প্রশ্ন: ঋতুর পরিবর্তন হয় কেন?

উত্তর: পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবী সূর্যের চারপাশে ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে একটু হেলে। ফলে মূলত মেরুরেখাটি কক্ষের সঙ্গে ৬৬
ডিগ্রি কোণ করে থাকে।
মূলত সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন সূর্যরশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে ওই গোলার্ধে এসে পড়ে, ওই সময়টা উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল। কিন্তু ওই সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে বলে সেখানে তখন শীতকাল। সুতরাং দেখা যাচ্ছে, পৃথিবীর বার্ষিক গতির ফলেই ঋতুর পরিবর্তন হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা