
অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞানের অধ্যায়-১০ ‘আমাদের জীবনে তথ্য’ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর:
প্রশ্ন: সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
উত্তর: সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো তথ্যপ্রযুক্তি। মোবাইল ফোন, ইলেকট্রনিক কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি সবচেয়ে আধুনিক প্রযুক্তির উদাহরণ।
প্রশ্ন: কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলোর নাম কী?
উত্তর: কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলো হচ্ছে— কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স, ট্যাবলেট মডেম।
প্রশ্ন: কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলোর নাম লেখো।
উত্তর: কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলো হচ্ছে—মনিটর, প্রিন্টার, মাল্টিমিডিয়া, প্রজেক্টর।
প্রশ্ন: ইন্টারনেট কী কী কাজে লাগে?
উত্তর: ইন্টারনেট যেসব কাজে লাগে—
ক. পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে তথ্য পাঠাতে পারি।
খ. ঘরে বসে ভিডিও কনফারেন্স করতে পারি।
গ. কেনাকাটা থেকে শুরু করে জিনিসপত্রের অর্ডার করতে পারি।
ঘ. বিভিন্ন যানবাহানের টিকিট বুকিং দিতে পারি।
ঙ. ই-মেইলে যেকোনো ডকুমেন্ট বা ফাইল দিতে ও পেতে পারি।
# রচনামূলক/কাঠামোবদ্ধ প্রশ্ন:
প্রশ্ন: তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝো? আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব কী?
উত্তর: তথ্য আদান-প্রদানের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তাকে তথ্যপ্রযুক্তি বলে। তথ্যকে ধারণ করা, তথ্য পুনরুদ্ধার করা, প্রেরণ করা, বিশ্লেষণ ও ব্যবহার করাও তথ্যপ্রযুক্তির কাজ।
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির মূল উপাদান হলো উপাত্ত। আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া বিজ্ঞানী জানলেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এ তথ্য রেডিওতে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেকের জীবন রক্ষা পাবে। এতে জীবন যেমন রক্ষা পাবে, তেমনি এলাকাবাসী তাদের সম্পদ রক্ষার কাজে ও জীবন রক্ষার কাজে এই তথ্য ব্যবহার করে উপকৃত হবে। এ তথ্য জেনে সমুদ্রের জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। এভাবে বলা যায়, আমাদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব অপরিসীম।
প্রশ্ন: শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি কীভাবে কাজে লাগে?
উত্তর: শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান চর্চা ও গবেষণায় তথ্যপ্রযুক্তির প্রভাব অত্যন্ত ব্যাপক ও গভীর। তথ্যপ্রযুক্তির কল্যাণে যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ যেমন সহজ, তথ্য পৌঁছে দেওয়াও তেমনি সহজ। ইন্টারনেট থেকে তথ্য সংরক্ষণ করে শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে সহায়তা নিতে পারে। বর্তমানে আমরা বিভিন্ন পরীক্ষার ফলাফল তথ্যপ্রযুক্তির মাধ্যমে পেয়ে থাকি। ভর্তি ফরম পূরণ থেকে শুরু করে বিভিন্ন পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকে। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে সব ধরনের তথ্য, উপাত্ত, ই-মেইল, ইন্টারনেটের মাধ্যমে আদান-প্রদান ও সংরক্ষণ করা হয়। সুতরাং শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাব অত্যন্ত ব্যাপক।
প্রশ্ন: তথ্য সংরক্ষণের উপায়গুলো লেখো।
উত্তর: সংগৃহীত তথ্য সংরক্ষণের জন্য ওপরের Manu Bar-এর বাম দিকে File select করতে হবে। এরপর Save As নির্বাচন করে File, Name-এর জায়গায় ফাইলের নাম ও Save in-এ সংরক্ষণের স্থান নির্দিষ্ট করে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া মাউস দিয়ে দরকারি অংশ নির্বাচন করে তা কপি করার পর কম্পিউটারের মেমরি বা উপযুক্ত স্থানে past করেও সংরক্ষণ করা যায়।
প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে কীভাবে আবহাওয়ার তথ্য সংগ্রহ করে?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রথম কাজ হলো প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান। এ জন্য Browsing Software যেমন ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা যায়। নির্দিষ্ট তথ্যের উত্স খোঁজার জন্য অনেক search ইঞ্জিন আছে, যেমন গুগল (google)। এর জন্য কম্পিউটারের ইন্টারনেটে গিয়ে address box-এর www.google.com লেখার পর যে নতুন উইন্ডো আসবে, তাতে Weather সম্পর্কে লিখলে Search ইঞ্জিন Weather সম্পর্কে ইন্টারনেটে যেসব ওয়েবপেজ আছে, তা দেখাবে।
এভাবে ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার তথ্য পাওয়া যাবে।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা