
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন : মানুষ যার ওপর নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।
উত্তর: মানুষ যার ওপর নির্ভর করে এমন তিনটি জড় বস্তু হলো মাটি, পানি ও বায়ু।
প্রশ্ন: উদ্ভিদ কিসের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।
প্রশ্ন: বাস্তুসংস্থান কী?
উত্তর: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন: খাদ্যশৃঙ্খল কী?
উত্তর: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।
প্রশ্ন: উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
প্রশ্ন: খাদ্যজাল কী?
উত্তর: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে তৈরি করে খাদ্যজাল।
প্রশ্ন: পরাগায়ন কী?
উত্তর: ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু বায়ু, মৌমাছি, পাখি ইত্যাদির সাহায্যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।
প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?
উত্তর: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
খাদ্যশৃঙ্খল খাদ্যজাল
১. বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল। ১. একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে খাদ্যজাল তৈরি করে।
২. খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক প্রজাতির খাদক থাকে। ২. খাদ্যজালে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৩. খাদ্যশৃঙ্খলের উত্পাদক থেকে শুরু করে খাদকের মধ্যে একটি আন্তসম্পর্ক গড়ে ওঠে। ৩. খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে ওঠে।
৪. একটি পরিবেশে একটি খাদ্যশৃঙ্খল থাকে। ৪. একটি খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৫. সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু। ৫. বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: বীজের বিস্তরণ বলতে কী বোঝো?
উত্তর: মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা