প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: কোথা থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু?
উত্তর: সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু।
প্রশ্ন: প্রাণী কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের কাণ্ড, শাখা, ফল, ফুল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে, মানুষও বাসস্থান ও আসবাব তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে।
প্রশ্ন: উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর: উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
প্রশ্ন: পরিবেশের উপাদানগুলোকে কী কী ভাগে ভাগ করা যায়।
উত্তর: পরিবেশের উপাদানগুলোকে ‘জীব ও জড়’ এই দুই ভাগে ভাগ করা যায়।
প্রশ্ন: কয়েকটি জীবের উদাহরণ দাও।
উত্তর: মানুষ, পশু, পাখি, গাছপালা এগুলো জীব।
প্রশ্ন: কয়েকটি জড়ের উদাহরণ দাও।
উত্তর: মাটি, পানি, বায়ু, চেয়ার, টেবিল এগুলো জড়।
প্রশ্ন: সব জীবের বেঁচে থাকার জন্য কোন জিনিসগুলো অপরিহার্য?
উত্তর: সব জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য অপরিহার্য।
প্রশ্ন: প্রাণী কোথা থেকে শক্তি পায়?
উত্তর: প্রাণী শক্তি পায় খাদ্য থেকে।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের একটি উপায় লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণের একটি উপায় হলো বনভূমি সংরক্ষণ।
প্রশ্ন: উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়?
উত্তর: উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়?
প্রশ্ন: সালোক সংশ্লেষণ কী?
উত্তর: সালোক সংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড, পানি ও সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে।
প্রশ্ন: সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস ত্যাগ করে?
উত্তর: সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে।
প্রশ্ন: উদ্ভিদের পাতার সবুজ কণিকার নাম কী?
উত্তর: উদ্ভিদের পাতার সবুজ কণিকার নাম ক্লোরোফিল।
প্রশ্ন: ইগল কী কী খায়?
উত্তর: ইগল সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা