বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ ও ইগল একই রকম, তা ব্যাখ্যা করো।
উত্তর: খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণীকে খায় সাপ। আবার ইগল খায় সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী।
কাজেই বলা যায়, খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল উভয়ই খাদক এবং এরা প্রাণী-জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল একই রকম।
প্রশ্ন: ইগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ— এই শব্দগুলো দিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো।
উত্তর: শব্দগুলো দিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রম নিচে দেওয়া হলো:
সূর্য—ঘাস—পোকামাকড়—ব্যাঙ—সাপ—ইগল
ব্যাখ্যা: সবুজ ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। পোকামাকড় ঘাস খেয়ে বেঁচে থাকে। ব্যাঙ পোকামাকড়কে খায়। একইভাবে ব্যাঙকে খায় সাপ এবং সাপকে খায় ইগল। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় খাদ্যশৃঙ্খলের মাধ্যমে।
প্রশ্ন: বায়ুর ওপর জীব কীভাবে নির্ভরশীল, তা ব্যাখ্যা করো।
উত্তর: বায়ু ছাড়া প্রাণী অল্প সময়ও বাঁচতে পারে না। উদ্ভিদও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে। পানির জীব ও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে বায়ুর ওপর জীব নির্ভরশীল।
প্রশ্ন: উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণে প্রাণীর ওপর নির্ভরশীল। পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল; প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে গ্রহণ করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়, এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ-আবাস গড়ে তুলতে সাহায্য করে। এ কারণেই উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা