
অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে কিছু প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
প্রশ্ন: তোমার টেবিলের ওপরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?
উত্তর: বেঁচে থাকার জন্য উদ্ভিদের দরকার মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো। টেবিলের ওপর রাখা গাছটি সূর্যের আলো ও পর্যাপ্ত বায়ু পাচ্ছিল না, তাই বন্ধুরা এটিকে জানালার পাশে রাখার পরামর্শ দিল, যাতে গাছটি সূর্যের আলো পায়। এতে গাছটি সতেজ হয়ে উঠবে।
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অন্যের ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে, পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল।
অন্যদিকে, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, মানুষও তার বাসস্থান ও আসবাব তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। কাজেই বলা যায়, উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।
প্রশ্ন: প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল?
উত্তর: সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ইগল খায় সাপ। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এবং প্রাণী শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল—এ কথা অনায়াসে বলা যায়।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন:
প্রশ্ন: তুমি কিছু গাছ রোপণ করবে। গাছটি অন্ধকারে রাখলে কী ঘটবে? গাছটিতে পানি না দিলে কী ঘটবে? বালুতে রোপণ করলে কী ঘটবে, লেখো।
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গাছের বৃদ্ধির জন্য মাটি, পানি, আলো ও বায়ু নিশ্চিত করতে হবে।
১. গাছটি অন্ধকারে রাখলে আলোর অভাবে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া ব্যাহত হবে এবং গাছটি খাদ্য তৈরি করতে পারবে না।
২. গাছটিতে পানি না দিলেও গাছ খাদ্য তৈরি করতে পারবে না, ফলে গাছটি মারা যাবে।
৩. গাছটি বালুতে রোপণ করলে, বালু গাছের জন্য পানি সংরক্ষণ করতে পারবে না, বালুতে খনিজ লবণের পরিমাণ কম থাকায় গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছটি মারা যাবে।
প্রশ্ন: খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ—বিশ্লেষণ করো।
উত্তর: খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল বিষয় দুটি ওতপ্রোতভাবে জড়িত। অনেকগুলো খাদ্যশৃঙ্খলের সমন্বয়ে গঠিত হয় একটি খাদ্যজাল। খাদ্যজালের খাদ্যশৃঙ্খলসমূহ এক রকম নয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে গড়ে ওঠে ভিন্ন ভিন্ন খাদ্যজাল। যেমন: ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ নিয়ে একটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। একই সময়ে ঘাস, ছাগল, গাছপালা মিলে আরেকটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। আর এ দুটি খাদ্যশৃঙ্খল মিলে তৈরি হতে পারে একটি খাদ্যজাল। তাই বলা যায়, খাদ্যশৃঙ্খল খাদ্যজালের একটি অংশমাত্র।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা