প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে কিছু প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: পরিবেশদূষণ বলতে কী বোঝো?
উত্তর: বেঁচে থাকার জন্য মানুষ পরিবেশকে নানাভাবে ব্যবহার করে। ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। পরিবেশের এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর, তখন তাকে পরিবেশদূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে।
প্রশ্ন: বায়ুদূষণের ফলে কী হয়?
উত্তর: বায়ুদূষণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। যেমন: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, অ্যাসিডবৃষ্টি হয়। এ ছাড়া মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: পরিবেশ দূষিত হয় কীভাবে?
উত্তর: বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়।
প্রশ্ন: পরিবেশদূষণের উত্স কী কী?
উত্তর: পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি; যেমন: তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই পরিবেশদূষণের প্রধান উত্স। এ ছাড়া যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা, মলমূত্র ত্যাগ করা, কফ, থুতু, হাসপাতালের বর্জ্য ফেলা পরিবেশদূষণের উত্স।
প্রশ্ন: চার ধরনের পরিবেশদূষণ কী কী?
উত্তর: চার ধরনের পরিবেশদূষণ হলো—
১. বায়ুদূষণ ২. পানিদূষণ
৩. মাটিদূষণ ৪. শব্দদূষণ
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় নিচে দেওয়া হলো—
১. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমানো।
২. গাড়ির ধোয়া নিয়ন্ত্রণ করা, গাড়ি যতটা সম্ভব কম ব্যবহার করে হাঁটার অভ্যাস করা।
৩. কলকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ ইত্যাদি পরিশোধন করে বাইরে ফেলতে হবে।
৪. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
৫. জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রশ্ন: বায়ুদূষণের প্রধান কারণ কী?
উত্তর: যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুদূষণের প্রধান কারণ।
প্রশ্ন: পানি কীভাবে দূষিত হচ্ছে?
উত্তর: কলকারখানার বর্জ্য, পয়োবর্জ্য, ময়লা-আবর্জনা, মৃত জীবজন্তু ও রাসায়নিক সার পানিতে মিশে পানি দূষিত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা