অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন: পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাবগুলো উল্লেখ করো।
উত্তর: পরিবেশদূষণের ক্ষতিকর প্রভাবগুলো নিচে উল্লেখ করা হলো।
১. পরিবেশদূষণের কারণে মানুষ, পরিবেশ ও জীবজন্তুর ব্যাপক ক্ষতি সাধিত হয়।
২. মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। যেমন: ক্যানসার, শ্বাসকষ্ট, পানিবাহিত রোগ ইত্যাদি।
৩. পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে বরফ গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
৪. জীবজন্তুর আবাসস্থল ধ্বংস হচ্ছে।
৫. অনেক জীবজন্তু পরিবেশ থেকে বিলুপ্ত হচ্ছে।
প্রশ্ন: আমরা কীভাবে শব্দদূষণ রোধ করতে পারি?
উত্তর: শব্দদূষণ রোধে আমাদের করণীয় হচ্ছে—
১. উচ্চ স্বরে গান না বাজানো
২. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন না বাজানো
৩. যেখানে-সেখানে অতিরিক্ত মাইক না বাজানো
৪. হাসপাতাল বা বিদ্যালয়ের পাশে উচ্চ শব্দে কোনো কিছু না বাজানো।
৫. জেনারেটরের শব্দ নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণ কী? উল্লেখ করো।
উত্তর: প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার ও সুরক্ষাই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। নিচে এগুলো উল্লেখ করা হলো।
১. বিদ্যুত্ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি।
২. কাজ শেষে বাতি নিভিয়ে রেখে বিদ্যুত্ অপচয় রোধ করতে পারি।
৩. গাড়ির ব্যবহার কমিয়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।
৪. প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে এবং তা রিসাইকেল প্রক্রিয়ার পুনর্ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।
৫. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি।
পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি।
প্রশ্ন: মাটিদূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর: বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস মাটিতে মিশে মাটি দূষিত হয়। রাসায়নিক সার, কীটনাশক, বিভিন্ন বর্জ্য পদার্থ মাটিকে দূষিত করে, ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়। দূষিত মাটিতে উত্পন্ন খাদ্যদ্রব্য খেয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এ কারণেই মাটিদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা