* অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে কিছু প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থান, রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে। এতে গাছপালা ও বনাঞ্চল ধ্বংস হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসল ফলানোর জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে এবং জলাশয়ের পানি দূষিত হচ্ছে। যানবাহনের বিষাক্ত ধোঁয়া বায়ুমণ্ডল দূষিত করছে, জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে, খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
প্রশ্ন: মাটি ও পানিদূষণের সাদৃশ্য কোথায়?
উত্তর: মাটি ও পানিদূষণের সাদৃশ্য হচ্ছে উভয়ই ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে দূষিত হয়।
কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশক গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়, মাটিদূষণের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়।
অপরদিকে পয়োনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। ময়লাআবর্জনা এবং মৃত জীবজন্তু পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির ফলেও পানি দূষিত হয়। পানিদূষণের ফলে মানুষ পেটের পীড়া, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ইত্যাদি পানিবাহিত রোগ ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়।
প্রশ্ন: শব্দদূষণের রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো সংক্ষেপে লেখো।
উত্তর: শব্দদূষণ রোধে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি—
১. বিনা কারণে শোরগোল করব না।
২. প্রয়োজন না হলে মাইক ব্যবহার করব না।
৩. উচ্চ স্বরে কথা বলব না বা চিত্কার করব না।
৪. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজাব না।
৫. জেনারেটরের আওয়াজ নিয়ন্ত্রণে রাখব।
৬. অন্যরা যাতে এসব নিয়মকানুন মেনে চলে, তার জন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করব।
প্রশ্ন: পানিদূষণের প্রভাবে পরিবেশে কী কী ঘটতে পারে লেখো।
উত্তর: পানিদূষণের প্রভাবে পরিবেশে যা ঘটতে পারে—
১. পানিদূষণের ফলে পানিবাহিত রোগ, যেমন : জন্ডিস, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি হতে পারে। ২. মত্স্যসম্পদ ধ্বংস হয়ে যেতে পারে।
৩. চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
৪. জলজ প্রাণী ধ্বংস হয়ে যেতে পারে।
৫. পরিবেশে দুর্গন্ধ ছড়াতে পারে।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা