* সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: পানির তিনটি অবস্থা কী কী?
উত্তর: পানির তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়।
প্রশ্ন: দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?
উত্তর: দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে।
প্রশ্ন: পানি শরীরে কী কাজ করে?
উত্তর: আমরা যে খাদ্য গ্রহণ করি, পানি তা ভেঙে শক্তি উত্পাদন করে। এ ছাড়া পানি শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে।
প্রশ্ন: মেঘ কী?
উত্তর: সূর্যতাপে ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হয়ে ওপরে উঠতে থাকে। একসময় ওপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে তা জলকণায় পরিণত হয়ে আকাশে ভাসতে থাকে, এই জলকণাগুলোকেই মেঘ বলে।
প্রশ্ন: কাচের গ্লাসে বরফের টুকরো রাখলে গ্লাসের বাইরের গায়ে পানি জমে কেন?
উত্তর: বায়ুতে সব সময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে। এ জলীয় বাষ্প বরফ-ঠান্ডা গ্লাসের বাইরের পৃষ্ঠে লেগে ঘনীভূত হয়ে পানিকণায় পরিণত হয়। এ জন্য গ্লাসের গায়ে পানি জমে।
# নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রশ্ন: চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো।
উত্তর: সূর্যতাপ ভূপৃষ্ঠের অর্থাত্ সমুদ্র, নদী, পুকুর ও খাল বিলের পানিকে সবসময় জলীয় বাষ্পে পরিণত করে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডায় ঘনীভূত হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। অগণিত ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে মেঘরূপে ঘুরে বেড়ায়।
ঠান্ডায় মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে এবং প্রবাহিত হয়ে তা নদীস্রোতে মিশে। আবার বায়ুপ্রবাহের কারণে জলীয় বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। সেখানে মেঘের পানিকণা ঠান্ডায় বরফে পরিণত হয়। এ বরফ গ্রীষ্মকালে সূর্যের তাপে গলে পানি হয়ে পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাহাড়ি নদীর উত্পত্তি হয়। এই নদীর পানি সবশেষে সমুদ্রে গিয়ে মেশে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা