প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন: পানিদূষণ কীভাবে রোধ করা যায়?
উত্তর: যেসব কারণে পানি দূষিত হয় সেসব কারণ সম্পর্কে সচেতন থাকলে পানিদূষণ রোধ করা অনেকটা সহজ হয়।
১. পুকুরের পাড়ে বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করতে হবে।
২. ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে গর্ত করে মাটিচাপা দিতে হবে।
৩. অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে।
৪. যেকোনো রোগীর ব্যবহূত কাপড়চোপড় পুকুরের পানিতে ধোয়া বন্ধ করতে হবে।
৫. পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নত করতে হবে।
৬. কলকারখানার বর্জ্য পরিকল্পিত উপায়ে পরিশোধন করতে হবে।
প্রশ্ন: পুকুরের পানি থেকে আমরা কীভাবে নিরাপদ পানি পেতে পারি?
উত্তর: পুকুরের পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায়গুলো হলো—
ছাঁকন: পুকুরের পানিতে মিশে থাকা কাদা ও ময়লা পাতলা কাপড় বা ছাঁকনি দ্বারা ছেঁকে পরিষ্কার করা যায়।
থিতানো: পুকুরের পানি কলস বা অন্য কোনো পাত্রে বেশ কিছুক্ষণ রেখে দিলে পাত্রের তলায় তলানি জমে। অতঃপর পাত্রটিকে কাত করে ওপর থেকে পরিষ্কার পানি সংগ্রহ করা যায়।
ফোটানো: পুকুরের পানিকে ফুটিয়ে শোধন করা যায়। অন্তত ২০ মিনিট ফোটালে জীবাণু থাকলে মারা যায়।
রাসায়নিক পদার্থ মিশিয়ে বিশুদ্ধকরণ: পুকুরের পানিতে ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করা যায়।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা