প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।

রচনামূলক প্রশ্ন
প্রশ্ন: যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী পরিবর্তন হয়?
উত্তর: যখন টিভি চালানো হয় তখন শক্তির যে যে পরিবর্তন হয় তা হলো—
১. বিদ্যুত্শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
২. বিদ্যুত্শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
৩. বিদ্যুত্শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন: ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে, গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণা কি সঠিক? ব্যাখ্যা করো।
উত্তর: ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধু মনে করে, গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি সঠিক। কারণ আমরা জানি, কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। ঠান্ডা পানির গ্লাস যখন হাত দিয়ে ধরা হয়, তখন সেটি পরিবহন পদ্ধতিতে হাতে আসে এবং হাত ঠান্ডা হয়। সুতরাং তার ধারণাটি সঠিক।

প্রশ্ন: যখন পাতিলে ভাত রান্না হয়, তখন তাপ কীভাবে সঞ্চালিত হয়?
উত্তর: আমরা জানি, তিনটি উপায়ে তাপ সঞ্চালিত হয়।
যেমন: পরিবহন, পরিচলন, বিকিরণ।
যখন পাতিলে ভাত রান্না করা হয়, তখন পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। যখন ভাত রান্না করার জন্য পাতিল চুলায় দেওয়া হয়, তখন প্রথমে নিচের অংশ গরম হয়ে ওপরে উঠে আসে আর পাত্রের ওপরের অংশের তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আবার গরম হয়ে ওপরে উঠে আসে। এভাবে তাপ পাত্রের সর্বত্র ছড়িয়ে পড়ে।

প্রশ্ন: বাড়ির আশপাশে বৃক্ষ রোপণ করে কীভাবে শক্তি সংরক্ষণ করা যায়?
উত্তর: আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি। এই শক্তির পরিমাণ নির্দিষ্ট। তাই আমাদের শক্তির যথাযথ ব্যবহার করতে হবে। বাড়ির আশপাশে বৃক্ষ রোপণ করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। কারণ, বৃক্ষ আমাদের ছায়া ও বাতাস দেয়। এর ফলে আমরা গরম অনুভব করি না এবং ঘাম হয় না। সুতরাং আমাদের বিদ্যুত্-চালিত বাতাসের দরকার হয় না, তাই বিদ্যুত্শক্তি সংরক্ষিত হয়। এভাবে আমরা বাড়ির আশপাশে বৃক্ষ রোপণ করে শক্তি সংরক্ষণ করতে পারি।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা