অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?
উত্তর: আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখতে সুষম খাদ্যের প্রয়োজন।
প্রশ্ন: ছয়টি খাদ্যদল কী কী?
উত্তর: ছয়টি খাদ্যদল হলো—
১. খাদ্যশস্য ও আলু
২. শাকসবজি
৩. ফলমূল ৪. মাছ, মাংস, ডাল
৫. দুগ্ধজাতীয় খাদ্য ৬. তেল ও চর্বি।
প্রশ্ন: কীভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি?
উত্তর: খাদ্যদলের প্রতিটি থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করে আমরা সুষম খাদ্য পেতে পারি।
প্রশ্ন: কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়?
উত্তর: মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং মেশানো হয়।
প্রশ্ন: সুষম খাদ্য কী?
উত্তর: সুস্থ-সবল দেহ গঠনের জন্য খাদ্যের ছয়টি উপাদান যেমন: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানিকে সুষম খাদ্য বলে।
প্রশ্ন: জাঙ্কফুড কী?
উত্তর: জাঙ্কফুড একটি কৃত্রিম খাদ্য, যাতে উচ্চমাত্রায় চর্বি, লবণ ও চিনি থাকে।
প্রশ্ন: ফল পাকাতে সাধারণত কী ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর: ফল পাকাতে সাধারণত কার্বাইড ব্যবহার করা হয়।
প্রশ্ন: খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী কী রোগ হতে পারে?
উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থমিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃত্ অকার্যকর হয়ে যেতে পারে। এমনকি ক্যানসারও হতে পারে।
প্রশ্ন: তিনটি জাঙ্কফুডের নাম লেখো।
উত্তর: তিনটি জাঙ্কফুড হলো বার্গার, চিপস, কেক।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা কী?
উত্তর: সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্যের অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এবং দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা