* অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করো।
উত্তর: খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো—
১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ: রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন পদ্ধতি। চাল, ডাল, গম, শুঁটকি ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।
২. লবণ দিয়ে সংরক্ষণ: মাছ, মাংস ও অন্যান্য পচনশীল খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।
৩. ফ্রিজে সংরক্ষণ: মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা হয়।
প্রশ্ন: একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন—গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন?
উত্তর: বার্গার হলো একধরনের জাঙ্কফুড। এতে কৃত্রিম রং, চর্বি, লবণ, চিনি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এসব কৃত্রিম রং আমাদের মৃত্যুর কারণ হতে পারে। সাধারণত জাঙ্কফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে। তাই খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা নানাভাবে উপকৃত হই। কিন্তু খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কৃত্রিম রং মেশানো হয়। কোনো কোনো ক্ষেত্রে খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়। এসব কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেলে মানুষের ক্যানসার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে।
খাবার সংরক্ষণের জন্য ফরমালিন, ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়। এসব ক্ষতিকারক রাসায়নিক পদার্থমিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃত্ অকার্যকর হয়ে যেতে পারে। ক্যানসারের মতো রোগ হতে পারে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা