* অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৬ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: সুষম খাদ্য কী? আমাদের শরীরের জন্য সুষম খাদ্য প্রয়োজন কেন তা চারটি বাক্যে লেখো।
উত্তর: যেসব খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদান উপস্থিত থাকে, তাকে সুষম খাদ্য বলে।
সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো—
১. শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন।
২. দেহের ক্ষয়পূরণ ও শক্তি উত্পাদনে সুষম খাদ্য প্রয়োজন।
৩. দেহের বৃদ্ধি অর্থাত্ দৈহিক গঠনে সুষম খাদ্য প্রয়োজন।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্য প্রয়োজন।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণ কী? খাদ্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। ফ্রিজে ফলমূল দীর্ঘদিন পচে না কেন?
উত্তর: খাদ্য সংরক্ষণ হলো একটি পদ্ধতি, যার মাধ্যমে খাবারে বিভিন্ন ধরনের অণুজীবের বংশ বিস্তার বাধাগ্রস্ত হয় এবং খাবার সতেজ থাকে। খাদ্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য হলো—
১. খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষা করা, খাবার টাটকা ও তাজা রাখা।
২. বছরের সব সময় যাতে সব রকম খাবার পাওয়া যায় তার ব্যবস্থা করা।
ফ্রিজে তাপমাত্রা অনেক কম থাকে। এই কম তাপমাত্রায় জীবাণু বেঁচে থাকতে পারে না। এতে নতুন জীবাণু জন্মাতেও পারে না। ফলে ফলমূল জীবাণু দ্বারা আক্রান্ত হয় না এবং পচেও না।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা