*বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা মনোযোগসহকারে পাঠ আলোচনাটি পড়বে।
অধ্যায়-৪
প্রশ্ন: ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি?
উত্তর: ভেজা কাপড় দ্রুত শুকানো প্রয়োজন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ঘরের ভেতর কাপড় শুকাতে হলে একটি দড়ি টানিয়ে কাপড় মেলে দিতে হবে এবং দরজা-জানালা খুলে বায়ুপ্রবাহ ঘরে বৃদ্ধি করতে হবে। ঘরে ইলেকট্রিক ফ্যান থাকলে তা ছেড়ে দিয়ে বায়ুপ্রবাহ বৃদ্ধি করলে ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যাবে। এভাবে বৃষ্টির দিনে আমরা ভেজা কাপড় দ্রুত শুকাতে পারি।
প্রশ্ন: রিসাইকেল-প্রক্রিয়া কীভাবে বায়ুদূষণ কমাতে পারে?
উত্তর: আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনে যেসব জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বাটি, মগ, বালতি ইত্যাদি যখন নষ্ট হয়, তখন এগুলোকে ফেলে দিই এবং যত্রতত্র ফেলে রাখার ফলে মশা-মাছি সৃষ্টি হয়, দুর্গন্ধ ছড়ায়, বৃষ্টির সময় পানি জমে দীর্ঘদিন ধুলাবালু ময়লা-আবর্জনা পড়ে দুর্গন্ধ সৃষ্টি করে এবং বায়ু দূষিত হয়। যদি এগুলোকে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা যায়, সেটাকে রিসাইকেল বলে এবং এই রিসাইকেল-প্রক্রিয়ার মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যায়।
প্রশ্ন: কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ুদূষণ করে?
উত্তর: বায়ুদূষণের কারণগুলো নিচে উল্লেখ করা হলো:
১. কলকারখানা ও গাড়ির ধোঁয়া মিশে বায়ু দূষিত হয়।
২. রাসায়নিক পদার্থ মিশে বায়ু দূষিত হয়।
৩. ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।
৪. বিষাক্ত গ্যাস ও ধূলিকণা মিশে বায়ু দূষিত হয়।
মানুষ যেভাবে বায়ুদূষণ করছে:
১. জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিষাক্ত গ্যাস সৃষ্টির মাধ্যমে।
২. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রেখে, মলমূত্র ত্যাগ করে বায়ুকে দূষিত করছে।
৩. ময়লা-আবর্জনা পুড়িয়ে ফেলায় তা থেকে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে বায়ু দূষিত হয়।
প্রশ্ন: বায়ুপ্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি তা পাঁচটি বাক্যে লেখো।
উত্তর: বায়ুপ্রবাহকে আমরা যে যে কাজে ব্যবহার করতে পারি তা নিচে দেওয়া হলো:
১. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদনে বায়ুপ্রবাহকে ব্যবহার করতে পারি।
২. হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে শরীর ঠান্ডা রাখতে পারি।
৩. বায়ুপ্রবাহ ব্যবহার করে পালতোলা নৌকা চালাতে পারি।
৪. বায়ুপ্রবাহের মাধ্যমে ভেজা কাপড় শুকাতে পারি।
৫. হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করে ভেজা চুল শুকাতে পারি।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা