প্রাথমিক বিজ্ঞান

* অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: কক্ষপথ কাকে বলে?
উত্তর: যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে আবর্তন করে, তাকে কক্ষপথ বলে।
প্রশ্ন: বার্ষিক গতি কাকে বলে?
উত্তর: সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন: চাঁদের দশা কাকে বলে?
উত্তর: চাঁদ কখনো বড় আবার কখনো ছোট, কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।

বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ঋতু পরিবর্তনের কারণ নিচে বর্ণনা করা হলো—
# পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন ও সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে।
# যখন পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, সে অংশে তখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে।
এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়।
আবার যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, সেখানে তখন শীতকাল বিরাজ করে। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থান করে।
এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয় এবং দিনের চেয়ে রাত বড় হয়। ফলে এ গোলার্ধের তাপমাত্রা হ্রাস পায় এবং এলাকাটি শীতল হয়ে পড়ে।

প্রশ্ন: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতার কী ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
উত্তর: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে তখন সে অংশে হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তরাংশে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায় ও রাতের দৈর্ঘ্য ছোট হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা