প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

বর্ণনামূলক প্রশ্ন:
প্রশ্ন: কেন তথ্য খুঁজে পেতে, বুঝতে, মুল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে?
উত্তর: তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। কারণ, প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়ত বাড়ছে এবং এই তথ্যের মধ্যে কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয়। তাই সঠিক তথ্যটি খুঁজে পেতে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। এ ছাড়া প্রাপ্ত তথ্যটির গুরুত্ব বুঝে আমাদের জীবনে ব্যবহার করতেও দক্ষতা অর্জন করতে হবে।
প্রশ্ন: তথ্য বিনিময় না করলে কী হতে পারে ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। কোনো কারণে যদি তথ্য বিনিময় না হয় তাহলে আমরা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। যেমন—কোনো একদিন বিভিন্ন সংবাদমাধ্যমে আবহাওয়াবিদেরা বললেন যে আজ প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষ তাদের জীবন ও সম্পদ রক্ষা করতে পারবে, সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। আবার কোনো কারণে যদি আবহাওয়াবিদদের দেওয়া তথ্যটি বিনিময় করা না হতো তাহলে সমুদ্র উপকূলের মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারত না, ফলে জলোচ্ছ্বাসে তাদের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হতো। সমুদ্রের মাছ ধরা ট্রলারগুলো ডুবে যেত, অনেক জেলে মারা পড়ত এবং তাদের ট্রলারগুলো ভেঙেচুরে ধ্বংস হতো। কাজেই তথ্য বিনিময় আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সঙ্গে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সঙ্গে তথ্য বিনিময় করতে পারো? এর জন্য তোমার কী কী প্রযুক্তির দরকার হবে? লেখো।
উত্তর: আমার জাপানের বন্ধুর সঙ্গে যেভাবে তথ্য বিনিময় করতে পারি, তার বিভিন্ন উপায় হলো—
১) চিঠি লিখে।
২) টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলে।
৩) ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে।
৪) খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে
৫) E-mail-এর মাধ্যমে
৬) সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে।
এভাবে তথ্য বিনিময়ের জন্য আমার বিভিন্ন ধরনের প্রযুক্তির দরকার হবে। যেমন—
(i) কলম, খাম (ii) মোবাইল, টেলিফোন (iii) ক্যামেরা (iv) ইন্টারনেট (v) কম্পিউটার, মডেম (vi) সার্চইঞ্জিন (vii) টুইটার, ফেসবুক ইত্যাদি।
প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা