২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আজ পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
দেওয়া হলো।
প্রশ্ন: বাংলাদেশে কখন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
উত্তর: বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
প্রশ্ন: বাতাসে আর্দ্রতায় কী ধরনের পরিবর্তন ঘটে?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত কমে, আর্দ্রতাও তত কমে।
প্রশ্ন: বাংলাদেশে কখন বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হয়।
প্রশ্ন: কোন বায়ু শুষ্ক শীতল বাতাস বয়ে আনে?
উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে।
প্রশ্ন: বিরূপ আবহাওয়া কী?
উত্তর: আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়, তখন তাকে আমরা বিরূপ আবহাওয়া বলি।
প্রশ্ন: বিরূপ আবহাওয়ার ফলে কী হয়?
উত্তর: বিরূপ আবহাওয়ার ফলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়। কখনো কখনো মানুষ মারা যায়।
প্রশ্ন: তাপদাহ কী?
উত্তর: অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হলো তাপদাহ।
প্রশ্ন : শৈত্যপ্রবাহ কী?
উত্তর: উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের ওপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হলো শৈত্যপ্রবাহ।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে খরা দেখা যায়?
উত্তর: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে খরা দেখা যায়।
প্রশ্ন : কালবৈশাখী কী?
উত্তর: গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয়, তা-ই কালবৈশাখী নামে পরিচিত।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা