
৩ নম্বর প্রশ্ন: কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৩ নম্বরে থাকবে কাঠামোবদ্ধ প্রশ্ন। আজ কয়েকটি কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: শব্দদূষণ কাদের স্বাস্থ্যের ক্ষতি করে? শব্দদূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো, তা চারটি বাক্যে লেখো।
উত্তর: শব্দদূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি করে।
শব্দদূষণ রোধে আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তা হলো—
১. বিনা প্রয়োজনে উচ্চ স্বরে গান এবং লাউড স্পিকার বা মাইক না বাজানো।
২. গাড়ির চালককে অকারণে হর্ন বাজাতে নিষেধ করা।
৩. শ্রেণিকক্ষে হইচই বা শব্দ না করা।
৪. শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সবাইকে সচেতন করা।
প্রশ্ন: বায়ু কীভাবে দূষিত হয়? বায়ুদূষণের চারটি কারণ লেখো।
উত্তর: বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ বায়ুতে মিশলে বায়ু দূষিত হয়। বায়ুদূষণের চারটি কারণ হলো—
১. বায়ুতে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস মিশ্রিত হওয়া।
২. যানবাহনের কালো ধোঁয়া বাতাসে মিশ্রিত হওয়া।
৩. ময়লা-আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া বাতাসে মেশা।
৪. যেখানে-সেখানে ফেলা ময়লা-আবর্জনা ও মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হয়।
প্রশ্ন: প্রাকৃতিক পানি কীভাবে দূষিত হয়? পানিদূষণের চারটি কারণ লেখো।
উত্তর: বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে প্রাকৃতিক পানি দূষিত হয়। পয়োনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে প্রাকৃতিক পানি দূষিত হয়।
পানিদূষণের পাঁচটি কারণ নিচে উল্লেখ করা হলো—
১. পয়োনিষ্কাশন ও গৃহস্থালি বর্জ্য পানিতে ফেলা।
২. কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থ পানিতে মিশ্রিত হওয়া।
৩. পানিতে ময়লা-আবর্জনা ফেলা।
৪. কৃষিজমিতে ব্যবহূত কীটনাশক ও রাসায়নিক সার নদী-নালা ও পুকুরের পানিতে মিশেও পানি দূষিত হয়।
প্রশ্ন: মানুষের দেহে কত ভাগ পানি রয়েছে? মানবদেহে এই পানির ভূমিকা চারটি বাক্যে লেখো।
উত্তর: মানবদেহে ৬০-৭০ শতাংশ পানি রয়েছে।
মানবদেহে পানির ভূমিকা নিচে চারটি বাক্যে লেখা হলো—
১. দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে।
২. দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে।
৩. খাদ্য পরিপাকে সাহায্য করে।
৪. দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।
প্রশ্ন: কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ু দূষিত করছে? চারটি বাক্যে উল্লেখ করো।
উত্তর: বিভিন্ন ধরনের পদার্থ যেমন: রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মেশার কারণে বায়ু দূষিত হয়।
মানুষ বিভিন্নভাবে বায়ু দূষিত করছে। যেমন:
১. মানুষ কলকারখানা চালাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। ফলে এ থেকে নির্গত ধোঁয়া ও গ্যাস বায়ু দূষিত করছে।
২. মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে। ফলে এ থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষিত করছে।
৩. মানুষ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে ও মলমূত্র ত্যাগ করে; এর ফলে বায়ু দূষিত হচ্ছে।
প্রশ্ন. বায়ুদূষণ প্রতিরোধ করা কেন জরুরি? বায়ু দূষণমুক্ত রাখতে আমাদের কী করা দরকার? তিনটি বাক্যে লেখো।
উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যানসার, শ্বাসজনিত রোগ, হূদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই বায়ুদূষণ প্রতিরোধ একান্ত জরুরি। বায়ু দূষণমুক্ত রাখতে আমাদের যা করা দরকার তা তিনটি বাক্যে লেখা হলো:
১. সবাইকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে পরামর্শ দেওয়া।
২. কালো ধোঁয়া সৃষ্টিকারী যানবাহনের ব্যবহার কমাতে বলা।
৩. ধূমপান ও তামাক সেবন না করতে জনগণকে সচেতন করা।
৪. বেশি করে গাছ লাগাতে সবাইকে উত্সাহিত করা।
প্রশ্ন: মাটি কীভাবে দূষিত হয়? মাটিদূষণের চারটি কারণ লেখো।
উত্তর: বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহূত সার ও কীটনাশক, গৃহস্থালির বর্জ্য, কারখানার রাসায়নিক পদার্থ ও তেলের মাধ্যমে মাটি দূষিত হয়।
মাটিদূষণের চারটি কারণ হলো—
১. কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।
২. বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থালি বর্জ্য যেখানে-সেখানে ফেলা।
৩. হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলা।
৪. কলকারখানার বিভিন্ন রাসায়িক পদার্থ ও তেল সরাসরি মাটিতে ফেলা।
প্রশ্ন: শব্দদূষণের একটি কারণ লেখো। উচ্চ শব্দের কারণে মানবদেহের জন্য দুটি ক্ষতিকর প্রভাব লেখো। শব্দদূষণ থেকে রক্ষা পাওয়ার দুটি উপায় লেখো।
উত্তর: শব্দদূষণের একটি কারণ হলো উচ্চ শব্দে মাইক বাজানো।
উচ্চ শব্দের কারণে মানবদেহের জন্য দুটি ক্ষতিকর প্রভাব হলো—
১. কানে কম শোনা
২. মাথা ব্যথা করা
শব্দদূষণ থেকে রক্ষা পাওয়ার দুটি উপায় হলো—
১. উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধের ব্যবস্থা করা।
২. গাড়িচালকেরা যেন বিনা প্রয়োজনে হর্ন না বাজান, সে ব্যাপারে তাঁদের
সচেতন করা।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা