প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ ইংরেজি বাংলা বাংলাদেশ ও বিশ্বপরিচয় ধর্ম বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞান
২ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষেপে প্রশ্নোত্তর নিয়ে। এটি একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন।
প্রশ্ন: জলবায়ু কী?
উত্তর: জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তন কী?
উত্তর: আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন।
প্রশ্ন: পৃথিবীর তাপমাত্রা কী হচ্ছে?
উত্তর: বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।
প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?
উত্তর: বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
প্রশ্ন: গ্রিনহাউস কী?
উত্তর: গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর, যার ভেতরে সূর্যের তাপ আটকে রাখা হয়। ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব থাকে।
প্রশ্ন: পৃথিবীর বায়ুমণ্ডল কিসের মতো কাজ করে?
উত্তর: গ্রিনহাউসের মতো কাজ করে।
প্রশ্ন: বায়ুমণ্ডল কী?
উত্তর: বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর।
প্রশ্ন: গ্রিনহাউসের গ্যাস কী?
উত্তর: তাপ ধরে রাখার জন্য দায়ী জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড গ্যাসই হলো গ্রিনহাউস গ্যাস।
প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী হয়?
উত্তর: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গত হয়।
প্রশ্ন: মেরু অঞ্চলের বরফ গলছে কেন?
উত্তর: বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে।
প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?
উত্তর: জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি।
প্রশ্ন: অভিযোজন কী?
উত্তর: পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জ ন্য গৃহীত কর্মসূচিই হলো অভিযোজন।
প্রশ্ন: দুই প্রকার সম্পদের নাম লেখো।
উত্তর: দুই প্রকার হলো—
১. প্রাকৃতিক সম্পদ ২. মানবসৃষ্ট সম্পদ।
প্রশ্ন: মানবসৃষ্ট সম্পদ কীভাবে তৈরি করা হয়?
উত্তর: প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই মানবসৃষ্ট সব সম্পদ তৈরি করা হয়।
প্রশ্ন: সম্পদ কী?
উত্তর: সম্পদ হলো এমন কিছু, যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়।
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ কী?
উত্তর: প্রকৃতিতে পাওয়া যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তা-ই প্রাকৃতিক সম্পদ।
প্রশ্ন: মানুষ কোন সম্পদ তৈরি করতে পারে না।
উত্তর: মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না।
প্রশ্ন: চারটি প্রাকৃতিক সম্পদের নাম লেখো?
উত্তর: চারটি প্রাকৃতিক সম্পদ হলো সূর্যের আলো, মাটি, পানি ও খনিজ সম্পদ।
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কী পাই?
উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শক্তি পেয়ে থাকি।
প্রশ্ন: চারটি মানবসৃষ্ট সম্পদের নাম লেখো।
উত্তর: চারটি মানবসৃষ্ট সম্পদ হলো কাগজ, প্লাস্টিক, কাচ ও বিদ্যুত্।
প্রশ্ন: তিনটি অনবায়নযোগ্য সম্পদের নাম লেখো।
উত্তর: তেল, গ্যাস ও কয়লা।
প্রশ্ন: তিনটি নবায়নযোগ্য সম্পদের নাম লেখো।
উত্তর: নবায়নযোগ্য সম্পদ হলো—সূর্যের আলো, বায়ুপ্রবাহ ও পানির স্রোত।
প্রশ্ন: অফুরন্ত শক্তির উত্স কোনটি?
উত্তর: অফুরন্ত শক্তির উত্স সূর্য।
প্রশ্ন: সৌর প্যানেল ব্যবহার করে আমরা কী পাই?
উত্তর: সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুত্শক্তি পাই।
প্রশ্ন: পরিবেশদূষণ কীভাবে কমাতে পারি?
উত্তর: সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশদূষণ কমাতে পারি।
প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধি পেলে কী হবে?
উত্তর: জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, মানুষের চাহিদাও তত বাড়বে।
প্রশ্ন: বনভূমি ধ্বংস হলে কী হবে?
উত্তর: বনভূমি ধ্বংস হলে বাস্তুসংস্থানের পরিবর্তন হবে।
প্রশ্ন: হাইব্রিড গাড়ি কীভাবে চলতে পারে?
উত্তর: হাইব্রিড গাড়ি বিদ্যুত্ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে।
শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা