প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

প্রশ্ন: খাদ্যশৃঙ্খল কী?
উত্তর: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।
প্রশ্ন: খাদ্যজাল কীভাবে তৈরি হয়?
উত্তর: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে তৈরি করে খাদ্যজাল।
প্রশ্ন: বাস্তুসংস্থান কী?
উত্তর: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
প্রশ্ন: খাদ্যশৃঙ্খলের শুরু কোথা থেকে?
উত্তর: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু।

প্রশ্ন: উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল।
অন্যদিকে উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে।
উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, মানুষও তার বাসস্থান ও আসবাব তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে।
কাজেই বলা যায়, উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।

প্রশ্ন: প্রাণী কীভাবে শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল?
উত্তর: সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ইগল খায় সাপ।
এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এবং প্রাণী শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল—এ কথা অনায়াসে বলা যায়।
প্রশ্ন: তুমি কিছু গাছ রোপণ করবে। গাছটি অন্ধকারে রাখলে কী ঘটবে? গাছটিতে পানি না দিলে কী ঘটবে? বালুতে রোপণ করলে কী ঘটবে, লেখো।

উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গাছের বৃদ্ধির জন্য মাটি, পানি, আলো ও বায়ু নিশ্চিত করতে হবে।
১. গাছটি অন্ধকারে রাখলে আলোর অভাবে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া ব্যাহত হবে এবং গাছটি খাদ্য তৈরি করতে পারবে না।
২. গাছটিতে পানি না দিলেও খাদ্য তৈরি করতে পারবে না, ফলে গাছটি মারা যাবে।
৩. গাছটি বালুতে রোপণ করলে বালু গাছের জন্য পানি সংরক্ষণ করতে পারবে না, বালুতে খনিজ লবণের পরিমাণ কম থাকে। ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছটি মারা যাবে।

প্রশ্ন: খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ—বিশ্লেষণ করো।
উত্তর: খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল বিষয় দুটি ওতপ্রোতভাবে জড়িত। অনেকগুলি খাদ্যশৃঙ্খলের সমন্বয়ে গঠিত হয় একটি খাদ্যজাল। খাদ্যজালের খাদ্যশৃঙ্খলসমূহ এক রকম নয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে গড়ে ওঠে ভিন্ন ভিন্ন খাদ্যজাল। যেমন ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ মিলে একটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। একই সময়ে ঘাস, ছাগল, গাছপালা মিলে আরেকটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। আর এই দুটি খাদ্যশৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্যজাল। তাই বলা যায়, খাদ্যশৃঙ্খল খাদ্যজালের একটি অংশমাত্র।

প্রশ্ন: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?
উত্তর: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য নিম্নরূপ:
Lv'Åk†›Lj খাদ্যজাল
১। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল। ১। একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে খাদ্যজাল তৈরি করে।
২। খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক প্রজাতির খাদক থাকে। ২। খাদ্যজালে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৩। খাদ্যশৃঙ্খলের উত্পাদক থেকে শুরু করে খাদকের মধ্যে একটি আন্তসম্পর্ক গড়ে ওঠে। ৩। খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খলের সদস্যদের মধ্যে আন্তসম্পর্ক গড়ে ওঠে।
৪। একটি পরিবেশে একটি খাদ্যশৃঙ্খল থাকে। ৪। একটি খাদ্যজালে একাধিক খাদ্যশৃঙ্খল থাকে।
৫। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু। ৫। বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত।

প্রধান শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা