প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১০ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# রচনামূলক প্রশ্নোত্তর

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

প্রশ্ন: তথ্যপ্রযুক্তি বলতে কী বোঝো?
উত্তর: তথ্যপ্রযুক্তি বলতে বোঝায় তথ্য সংগ্রহ করা ও তথ্যের প্রক্রিয়া করা। এ ছাড়া তথ্যকে ধারণ করা, সংরক্ষণ করা, তথ্য পুনরুদ্ধার করা প্রেরণ করা। তথ্য বিশ্লেষণ ও ব্যবহার করাও তথ্যপ্রযুক্তির কাজ। তথ্যপ্রযুক্তির কল্যাণে যেকোনো বিষয়ে তথ্য সংগ্রহ যেমন সহজ, তথ্য পৌঁছে দেওয়াও তেমনই সহজ। তথ্যপ্রযুক্তির কল্যাণে খেলাধুলা, সাহিত্য, শিল্পকলা, অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ, নতুন আবিষ্কার সম্পর্কে জানতে পারি। প্রকৃতপক্ষে জ্ঞান আহরণ ও জ্ঞান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তি একটি নতুন সম্ভাবনা তুলে ধরেছে।

প্রশ্ন: আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব কী?
উত্তর: আমাদের জীবনে সব ক্ষেত্রেই তথ্যপ্রযুক্তির প্রভাব অপরিসীম। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করি, তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো—
১। আবহাওয়া বিভাগের তথ্য থেকে আমরা জানতে পারি বৃষ্টি বা ঝড় হবে কি না, শীত কী রকম পড়বে। এ তথ্যের ভিত্তিতে আমরা ছাতা নিয়ে বাইরে বের হই। শীতের কাপড় কিনি।
২। স্কুলের শিক্ষক ও নোটিশ বোর্ডের তথ্য থেকে জানতে পারি পরীক্ষা বা অন্য কোনো বিষয়ের সময়সূচি। সে অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করি।
৩। সংবাদপত্র, রেডিও, টেলিভিশনের মাধ্যমে দেশ-বিদেশের অনেক তথ্য পেয়ে থাকি। এসব তথ্য আমাদের জ্ঞানভান্ডারকে বৃদ্ধি করে।
৪। কৃষিবিষয়ক তথ্যের ভিত্তিতে কৃষকেরা তাঁদের চাষাবাদ কাজ ঠিক করে নেন।
৫। কারও জ্বর হলে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রার তথ্য জেনে নিই। এ তথ্য জেনে ডাক্তার ওষুধ দেন।
৬। কখন পোলিও টিকা খাওয়ানো হবে, সে তথ্য জেনে বাচ্চাদের টিকা খাওয়াতে নিয়ে যাই।
এভাবে আমাদের জীবনের প্রতিটি কাজই আমরা তথ্যের সাহায্যে করে থাকি। তাই আমাদের জীবনযাত্রা তথ্যপ্রযুক্তির সহযোগিতা ছাড়া অচল হয়ে পড়বে।

প্রশ্ন: শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তি কীভাবে কাজে লাগে?
উত্তর: শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রভাব অনেক। তথ্যপ্রযুক্তি আজকাল শিক্ষাব্যবস্থাকে করেছে গতিশীল, দক্ষ ও পরিপূর্ণ। নিচে এর কয়েকটি উদাহরণ দেওয়া হলো—
১। ঘরে বসেই আজ পৃথিবীর যেকোনো দেশের খ্যাতনামা লাইব্রেরির বই পড়া যায়।
২। শিক্ষার্থীরা ক্লাসে না গিয়েও ইন্টারনেটের মাধ্যমে ক্লাসে অংশ নিতে ও শিক্ষককে প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তরটি জানতে পারে।
৩। শিক্ষাসংক্রান্ত মাল্টিমিডিয়া সিডির মাধ্যমে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়।
৪। কম্পিউটার, ইন্টারনেট, ডিভিডি, মেমোরি কার্ড বা পেনড্রাইভ ব্যবহার করে শিক্ষাবিষয়ক যেকোনো তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করে রাখা যায়।
৫। ই-বুক ব্যবহার করে পাঠ্যবইয়ের ব্যবহার কমানো সম্ভব।
৬। মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে যেকোনো পরীক্ষাসংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব।
এভাবে শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগানো যায়। এতে শিক্ষালাভ হয়ে উঠবে আরও সহজ ও আনন্দদায়ক।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক