প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১০ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: তথ্য সংরক্ষণের উপায়গুলো লেখো।
উত্তর: বর্তমান সময়ে তথ্য সংরক্ষণ করার অনেক ভালো উপায় আছে। যেমন—
১। কাগজে লিখে বা ছাপিয়ে তথ্য সংরক্ষণ করা যায়।
২। টেপ রেকর্ডারে কথা রেকর্ড করার মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়।
৩। সিডিতেও তথ্য সংরক্ষণ করা যায়।
৪। ক্যামেরা দিয়ে ছবি তুলে, ভিডিও করেও তথ্য সংরক্ষণ করা যেতে পারে।
৫। কম্পিউটারে টাইপ করে ও স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা যেতে পারে।
৬। কম্পিউটারে রেকর্ড ভিডিও, ছবি এগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে।
৭। পেন ড্রাইভ, সিডি, ভিসিডি এগুলোর মধ্যেও অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন: তথ্য বিপ্লব কী?
উত্তর: তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্বে জ্ঞানভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একেই তথ্যবিপ্লব বলে।
প্রশ্ন: কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নির্দেশমতো কম্পিউটার গাণিতিক ও যৌক্তিক প্রণালিতে সমাধান করে এবং ফলাফল প্রদান করে।
প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারের তিনটি সুবিধা লেখো।
উত্তর: ইন্টারনেট ব্যবহারের তিনটি সুবিধা নিচে দেওয়া হলো:
১। তথ্য খোঁজা, তথ্য সংগ্রহ ও তথ্য পাঠানো যায়।
২। বিভিন্ন দেশের লাইব্রেরি বইপুস্তক ও ম্যাগাজিনের সন্ধান পাওয়া যায় এবং পড়া যায়।
৩। ই-মেইলে যেকোনো ফাইল ও ডকুমেন্ট পাঠানো ও গ্রহণ করা যায়।
প্রশ্ন: কম্পিউটার ব্যবহারের তিনটি সুবিধা লেখো।
উত্তর: কম্পিউটার যেসব কাজে ব্যবহার করা যায় তার তিনটি সুবিধা নিচে বর্ণনা করা হলো—
১। টাইপ করা যায়। ছবি আঁকা যায়, ছবি দেখা যায় এবং গান শোনা যায়।
২। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যায়।
৩। চিকিৎসাক্ষেত্রে রোগ নির্ণয় করা যায়।
প্রশ্ন: কম্পিউটারে আউটপুট ডিভাইসগুলোর নাম লেখো।
উত্তর: কম্পিউটারের কয়েকটি উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।
মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক