প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১ 

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-১০ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয় কেন?

উত্তর: বর্ষাকালে সূর্য বাংলাদেশের ওপর খাড়াভাবে কিরণ দেয়। বাংলাদেশে তখন বেশ গরম থাকে বলে বায়ুচাপ কম থাকে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চলে তখন সূর্য তুলনামূলকভাবে তীর্যকভাবে কিরণ দেয়। তাই সে অঞ্চল কম গরম হয় বলে বায়ুচাপ বেশি থাকে। ফলে তখন বায়ু বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে প্রবাহিত এ বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এ জলীয়বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি হয়। তাই বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়।

প্রশ্ন: বাংলাদেশে শীতকালে বৃষ্টি কম হয় কেন?

উত্তর: বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। শীতকালে উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় বলে এ অঞ্চলে তাপমাত্রা কম থাকে। তাপমাত্রা কম থাকায় এখানে বায়ুচাপও বেশি থাকে। পক্ষান্তরে, শীতকালে সূর্য বাংলাদেশের দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়। তাই সেখানে তাপমাত্রা বেশি থাকে বলে বায়ুচাপ কম থাকে। অন্যদিকে বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি থাকায় বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগ থেকে আসে বলে এতে জলীয়বাষ্প কম থাকে। এ জন্য বাংলাদেশে শীতকালে বায়ু শুষ্ক থাকে। তাই শীতকালে বাংলাদেশে কম বৃষ্টি হয়।

প্রশ্ন: কালবৈশাখী ঝড় কেন হয়, তা ব্যাখ্যা করো।

উত্তর: সাধারণত চৈত্রের শেষে এবং বৈশাখ মাসে সূর্য বাংলাদেশ ও তার দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ওপর খাড়াভাবে কিরণ দেয়। ফলে এ অঞ্চলের বায়ু সকাল থেকে দুপুরের রোদের তাপে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। এভাবে বিকেলের দিকে এ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় আমাদের দেশের উত্তরে ও হিমালয়ের দিকে বায়ুর চাপ বেশি থাকে। তাই উচ্চচাপের উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। ফলে যে প্রবল ঝড়ের সৃষ্টি হয়, তা আমাদের দেশে কালবৈশাখী নামে পরিচিত।

মুহাম্মদ শামীম, সহকারী শিক্ষক