অধ্যায় ৬
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?
উত্তর: আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন।
প্রশ্ন: কীভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি?
উত্তর: খাদ্যদলের প্রতিটি থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করে আমরা সুষম খাদ্য পেতে পারি।
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ বলতে কী বোঝায়?
উত্তর: সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়।
প্রশ্ন: কেন আমরা খাদ্যদলের প্রতিটি ধরন থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করব?
উত্তর: খাদ্যদলের প্রতিটি ধরন থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করলে আমরা প্রয়োজনীয় সুষম খাদ্য গ্রহণ করতে পারব।
প্রশ্ন: কী কী বিষয়ের ওপর লক্ষ রেখে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে?
উত্তর: আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
প্রশ্ন: জাঙ্কফুড কী?
উত্তর: জাঙ্কফুড হচ্ছে একধরনের কৃত্রিম খাদ্য যাতে চিনি, লবণ, চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়।
প্রশ্ন: ফল পাকানোর জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: ফল পাকাতে কার্বাইড ব্যবহার করা হয়।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা লেখো।
উত্তর: খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্য অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়।
প্রশ্ন: খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী কী রোগ হতে পারে?
উত্তর: কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে। ক্যানসারও হতে পারে।
প্রশ্ন: বেশি বেশি জাঙ্কফুড খেলে কী হয়?
উত্তর: বেশি বেশি জাঙ্কফুড খেলে পুষ্টিহীনতা, ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে।
প্রশ্ন: তিনটি খাদ্য উপাদানের নাম লেখো।
উত্তর: তিনটি খাদ্য উপাদানের নাম হলো—
১. শর্করা, ২. আমিষ ও ৩. স্নেহ।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো।
উত্তর: খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো—
১. রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ ও
২. ফ্রিজে ঠান্ডা করে খাদ্য সংরক্ষণ।
পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা