আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাবীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল প্রবন্ধ থেকে কয়েকটি উত্তর। প্রশ্ন: দরুইন নিরাপত্তা ঘাঁটিতে স্বস্তির নিঃশ্বাস বইল কেন?উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল ভোরবেলা পাকিস্তানি বাহিনী দরুইন গ্রামে মুক্তিসেনাদের ওপর গোলাবর্ষণ শুরু করলে মোস্তফা কামাল বুঝতে পারলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবিলা করা সম্ভব নয়। তাই তিনি আবারও কমান্ডারের কাছে জরুরি সেনা সহায়তার জন্য সংবাদ পাঠালেন। কিন্তু বাড়তি সেনা তো দূরের কথা, দু-তিন দিন ধরে তাঁদের নিয়মিত খাবার সরবরাহও বন্ধ। চিন্তায় অস্থির মোস্তফা কামালসহ সবাই মিলে পরিখার মধ্যে অবস্থান নেন। দুপুরের দিকে হাবিলদার মুনির আহমদের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিসেনা দরুইন গ্রামে এসে পৌঁছাল। সেই সঙ্গে খাবারও এল। বাড়তি সৈন্য ও খাবার আসায় দরুইন নিরাপত্তা ঘাঁটিতে স্বস্তির নিঃশ্বাস বইল। প্রশ্ন: দরুইন গ্রাম কোথায়? সেখানে কারা অবস্থান নিয়েছিলেন? উত্তর: ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগরের উত্তর দিকে দরুইন গ্রাম। ১৯৭১ সালের এপ্রিল মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য সেখানে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের ওই প্লাটুনে মুক্তিসেনা ছিলেন ১০ জন। সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল সেই প্লাটুনের অধিনায়ক ছিলেন।প্রশ্ন: মুক্তিসেনারা কেন হতবিহ্বল হয়ে পড়লেন? তাঁদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? উত্তর: ১৯৭১ সালের ১৮ এপ্রিল বেলা ১১টার সময় পাকিস্তানি সেনারা গোলা বর্ষণ করতে করতে এগিয়ে আসতে থাকে দরুইন ঘাঁটির দিকে। প্রথমে তারা অবস্থান নিল মোগরাবাজার ও গঙ্গাসাগরে। দুপুর ১২টায় পাকিস্তানি সেনাদের আক্রমণ আরও প্রবল হয়ে উঠল। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তাদের তেমন কিছু করতে পারল না। হঠাৎ একটা গুলি এসে মুক্তিবাহিনীর মেশিনগানম্যানের বুকে বিঁধল। সঙ্গে সঙ্গে মেশিনগান বন্ধ হয়ে গেল। শত্রুর আক্রমণের এই আকস্মিকতা, দ্রুততা ও তীব্রতায় মুক্তিসেনারা হতবিহ্বল হয়ে পড়লেন। এ অবস্থায় তাঁদের সামনে কেবল দুটি পথ খোলা ছিল। আর এই দুটি পথ হলো—সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করা, না হয় পূর্ব দিক দিয়ে পিছু হটে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া। প্রশ্ন: বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের কবর কোথায়? বাংলাদেশ সরকার মোস্তাফা কামালকে কী উপাধিতে ভূষিত করেছে?উত্তর: ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দরুইন গ্রাম আক্রমণ করে। সে সময় মোস্তফা কামাল দরুইন গ্রামে অবস্থানরত মুক্তিসেনাদের অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। প্রচণ্ড যুদ্ধে আত্মরক্ষার জন্য সহযোদ্ধাদের পিছু হটতে সাহায্য করে মোস্তফা কামাল একা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হন দরুইন গ্রামে। বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের কবর এই দরুইন গ্রামেই অবস্থিত।মোস্তফা কামালের অনমনীয় দৃঢ়তা ও আত্মদান দেশবাসী কোনো দিন ভুলবে না। তিনি আমাদের গর্ব, আমাদের গৌরব। অসীম সাহস আর বীরত্বের জন্য বাংলাদেশ সরকার মোস্তফা কামালকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছেন। বীরশ্রেষ্ঠ আমাদের দেশের বীরত্বের সবচেয়ে বড় উপাধি।