আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশহীদ তিতুমীরপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘শহীদ তিতুমীর’ প্রবন্ধের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ‘তিতুমীর’ নামটি কেমন করে হলো? তাঁর প্রকৃত নাম কী?উত্তর: শিশুকালে তিতুমীরের একবার কঠিন অসুখ হয়েছিল। রোগ সারানোর জন্য তাকে দেওয়া হয়েছিল ভীষণ তেতো ওষুধ। ওষুধটি এমন তেতো ছিল যে শিশু তো দূরের কথা বুড়োরাও ওই ওষুধ মুখে নেওয়ার কথা নয়। কিন্তু ছোট্ট শিশু তিতুমীর বেশ খুশিতেই ওই তেতো ওষুধ প্রায় ১০-১২ দিন খেলো। তেতো খেতে তার আনন্দ দেখে বাড়ির লোকজন সবাই অবাক হলো। এ জন্য ওর ডাক নাম রাখা হলো তেতো। এভাবে তেতো থেকে তিতু। তার সঙ্গে মীর লাগিয়ে হলো তিতুমীর। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।প্রশ্ন: তিতুমীরের যখন জন্ম, তখন এ দেশ কাদের অধীন ছিল?উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর। এ গ্রামের এক বনিয়াদি মুসলিম পরিবার সৈয়দ বংশে ১৭৮২ সালে তিতুমীরের জন্ম। তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। ইংরেজ রাজত্ব আর অত্যাচারের পাশাপাশি এ দেশে চলছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা এ দেশের সর্বত্র ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তখন এ দেশ পুরোপুরিভাবে ইংরেজদের অধীন ছিল।প্রশ্ন: তিতুমীর ছোটবেলায় ডনকুস্তি আর ব্যায়াম শিখেছিলেন কেন?উত্তর: তিতুমীরের জন্ম হয়েছিল পরাধীন ভারতবর্ষে। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন ইংরেজদের অত্যাচার। দেশি জমিদারদের জুলুম। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে এ দেশের মানুষ। ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে গায়ে শক্তি সঞ্চয় করার জন্য সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া আর অসিচালনা। তিতুমীরও ছোটবেলায় ডনকুস্তি আর ব্যায়াম শিখেছিলেন ইংরেজ তাড়ানোর জন্য। আর এতে তিনি সফলতাও লাভ করেন। পরিচিতি পান পালোয়ান হিসেবে। পাশাপাশি লাঠিখেলা, তীর ছোড়া আর অসি পরিচালনায়ও পারদর্শী হয়ে ওঠেন তিনি।