শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘শহীদ তিতুমীর’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ‘তিতুমীর’ নামটি কেমন করে হলো? তার প্রকৃত নাম কী?উত্তর: শিশুকালে তিতুমীরের একবার কঠিন অসুখ হয়েছিল। রোগ সারানোর জন্য তাঁকে দেওয়া হয়েছিল ভীষণ তেতো ওষুধ। ওষুধটি এমন তেতো ছিল যে শিশু তো দূরের কথা, বুড়োদেরও ওই ওষুধ মুখে নেওয়ার কথা নয়। কিন্তু ছোট্ট শিশু তিতুমীর বেশ খুশিতেই সেই তেতো ওষুধ প্রায় ১০-১২ দিন খেল। তেতো খেতে তাঁর আনন্দ দেখে বাড়ির লোকজন সবাই অবাক হলো। এ জন্য তাঁর ডাকনাম রাখা হলো তেতো। এভাবে তেতো থেকে তিতু। এর সঙ্গে মীর লাগিয়ে হলো তিতুমীর। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।প্রশ্ন: তিতুমীরের যখন জন্ম, তখন এ দেশ কাদের অধীন ছিল?উত্তর: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার একটি গ্রাম চাঁদপুর। এই গ্রামের এক বুনিয়াদি মুসলিম পরিবার সৈয়দ বংশে ১৭৮২ সালে তিতুমীরের জন্ম। তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। ইংরেজ রাজত্ব আর অত্যাচারের পাশাপাশি এ দেশে চলছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা এ দেশের সর্বত্র ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তখন এ দেশ পুরোপুরিভাবে ইংরেজদের অধীন ছিল।প্রশ্ন: তিতুমীর ছোটবেলায় ডনকুস্তি আর ব্যায়াম শিখেছিলেন কেন?উত্তর: তিতুমীরের জন্ম হয়েছিল পরাধীন ভারতবর্ষে। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন ইংরেজদের অত্যাচার, দেশি জমিদারদের জুলুম। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে এ দেশের মানুষ। ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে গায়ে শক্তি সঞ্চয় করার জন্য সেকালে গ্রামে গ্রামে বুক ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠিখেলা, তীর ছোড়া আর অসি চালনা। তিতুমীরও ছোটবেলায় ডনকুস্তি আর ব্যায়াম শিখেছিলেন ইংরেজ তাড়ানোর জন্য। এতে তিনি সফলতাও লাভ করেন। পরিচিতি পান পাহলোয়ান হিসেবে। পাশাপাশি লাঠিখেলা, তীর ছোড়া আর অসি চালনায়ও পারদর্শী হয়ে ওঠেন তিনি।প্রশ্ন: এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা কেন তাঁর মনে এল?উত্তর: ছোটবেলা থেকেই তিতুমীর দেখে আসছেন ভারতবর্ষে ইংরেজদের অত্যাচার। তারপর একবার ওস্তাদের সঙ্গে তিনি বিহার সফরে বেরিয়েছিলেন। বিহার সফরের সময় তিনি মানুষের আরও দুরবস্থা প্রত্যক্ষ করেন। মানুষের দুরবস্থা স্বচক্ষে দেখার পর তিনি বুঝতে পেরেছিলেন, ভারতবর্ষ থেকে ইংরেজদের তাড়াতে না পারলে এ দেশের মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এ দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার চিন্তা তাঁর মনে এল, তাঁর মনে দেশকে স্বাধীন করার চিন্তা এল।প্রশ্ন: হিন্দু-মুসলমান সবাইকে তিনি কী বলে একতাবদ্ধ করতে চাইলেন?উত্তর: তিতুমীর জানতেন এ দেশ থেকে ইংরেজদের তাড়াতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই তিনি হিন্দু-মুসলমান সবাইকে একতাবদ্ধ করার জন্য মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন, আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাঁর এই কথায় হিন্দু-মুসলমান সবাই সাড়া দিয়েছিল।প্রশ্ন: ইংরেজদের পাশাপাশি কারা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত?উত্তর: একসময় আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষে ছিল ইংরেজ রাজত্ব। এ দেশের সর্বত্র ইংরেজ কর্মচারীরা দারুণ দাপটে ঘোড়া ছুটিয়ে চলত। আর চালাত অত্যাচার। ইংরেজদের পাশাপাশি দেশি জমিদাররা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত। দেশি জমিদারদের জুলুম-নির্যাতন আর ইংরেজদের শোষণ-অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এই দেশের জনজীবন।প্রশ্ন: তিতুমীর কার শিষ্য হলেন?উত্তর: ১৮২২ সালে ৪০ বছর বয়সে তিতুমীর হজ পালন করতে মক্কায় যান। সেখানে পরিচয় ঘটে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমীর তাঁরই শিষ্য হলেন।প্রশ্ন: তিনি কাদের বিরুদ্ধে সংগঠিত হতে বললেন?উত্তর: তিতুমীর ১৮২২ সালে মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় ঘটে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর। ধর্মপ্রাণ সংগ্রামী পুরুষ সৈয়দ আহমদ বেরলভীর শিষ্যত্ব গ্রহণ করে দেশে ফিরে আসেন তিতুমীর। দেশে ফিরে তিনি ইংরেজদের বিরুদ্ধে নীলকরদের রুখতে সবাইকে সংগঠিত হতে বললেন এবং স্বাধীনতার ডাক দেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল