যোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের যোগাযোগের সেকাল একাল প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সেলফোনের সুবিধা কী?উত্তর: সেলফোনের সুবিধা অনেক। সেলফোন থেকে সময় ও তারিখ জানা যায়। এর মাধ্যমে মুহূর্তেই ছোটখাটো বার্তা পাঠানো যায়। এই ফোনে যেকোনো ছবি তুলে তা ধারণ করা যায়। কে কে ফোন করল তাদের তথ্য এবং ফোন নম্বরও এতে সংরক্ষণ করে রাখা যায়। এ ছাড়া এর পর্দায় বিপরীত প্রান্তের গ্রাহকের ছবি দেখা যায়। প্রশ্ন: ওয়াকিটকির কাজ কী?উত্তর: ওয়াকিটকি হচ্ছে বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদানের বহনযোগ্য যন্ত্র। জরুরি যোগাযোগের জন্য সেনাবাহিনী, পুলিশ, রেডক্রস, অগ্নিনির্বাপক বাহিনী, সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগের বিভিন্ন সংস্থার কাজে আজকাল বেতার যোগাযোগ অপরিহার্য। এ কাজে হাতের মুঠোয় যে যোগাযোগ যন্ত্রটি থাকে তাকে বলা হয় ওয়াকিটকি। ওয়াকিটকির কাজ হলো তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করা। প্রশ্ন: যোগাযোগের আধুনিকতম উপায়ের শুরু কখন থেকে?উত্তর: যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে রেডিও বা বেতার উদ্ভাবনের পর থেকে। যোগাযোগের ক্ষেত্রে বেতারের ভূমিকা ব্যাপক। এখন যে আধুনিক মোবাইল ফোন রয়েছে তাও একধরনের বেতার যন্ত্র। যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। প্রশ্ন: ওয়েবের পুরো নাম কী? উত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞানসম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। একে সংক্ষেপে বলা হয় ওয়েভ। ওয়েবের পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www)। অর্থাৎ বিশ্বব্যাপী যোগাযোগ তরঙ্গ। ওয়েবের জ্ঞানভান্ডার থেকে যেকোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ করা যায়। প্রশ্ন: সংকেতের মাধ্যমে মানুষ কীভাবে যোগাযোগ করে উদাহরণসহ লেখো। উত্তর: যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায়কেই বোঝায়। মানুষ সাধারণত বলে বা লিখে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকে। যেমন: সড়কে লালবাতি দেখে চালক গাড়ি থামিয়ে দেয়। রেফারি হুইসেল দিলেই ফুটবল খেলা শুরু হয়ে যায়। আম্পায়ার আঙুল তুললেই ব্যাটসম্যান মাঠ ছেড়ে চলে যায়। এ সবই হলো সংকেতের মাধ্যমে যোগাযোগ।