আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাযোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের যোগাযোগের সেকাল একাল প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: দৃষ্টিগ্রাহ্য দূরত্বে আদিম মানুষের যোগাযোগের উপায় কী ছিল?উত্তর: দৃষ্টিগ্রাহ্য দূরত্বে আদিম মানুষের যোগাযোগের একটা উপায় ছিল আগুনের সংকেত। উঁচু গাছের ডগায় উঠে মশাল নেড়ে কিংবা আগুনে তীর ছুড়ে আদিম মানুষ শিকারিদের ফিরে আসার জন্য কিংবা অন্য কোনো সংকেত দিত।প্রশ্ন: কত বছর আগে কোন রাজা দূর-দূরান্তে যোগাযোগের জন্য নতুন উপায় বের করেন? উপায়টি কী?উত্তর: হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট (রাজা) সাইরাস তাঁর রাজ্যে কিছু দূরে দূরে অনেক টাওয়ার বসিয়ে দূর-দূরান্তে যোগাযোগের জন্য উপায় বের করেন। এই উপায়ে টাওয়ারগুলোতে প্রহরী রাখা হতো। আর যাঁরা প্রহরী থাকতেন, তাঁরা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাতেন।প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে মুদ্রণযন্ত্র ও ছাপাখানার ভূমিকা কী?উত্তর: যোগাযোগের অগ্রগতির ক্ষেত্রে মুদ্রণযন্ত্র আবিষ্কার ও ছাপাখানা প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ছাপাখানা যোগাযোগব্যবস্থার অভাবনীয় পরিবর্তন ঘটায়। বই ও পত্রপত্রিকা প্রকাশের মাধ্যমে হাজার হাজার লোকের সঙ্গে যোগাযোগের রাস্তা খুলে যায়। বই ও পত্র-পত্রিকা একদিকে মানুষের জ্ঞান সংরক্ষণ করার সুযোগ এনে দেয়, অন্যদিকে এককাল থেকে অন্য কালে জ্ঞান বিস্তার করাও সম্ভব হয়ে ওঠে। বইয়ের সম্ভার নিয়ে এরপর গড়ে ওঠে অনেক পাঠাগার। রবীন্দ্রনাথ ঠাকুর, লিও তলস্তয়, শেক্সপিয়রের মতো মহৎ লেখকদের লেখার সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বইয়ের মাধ্যমেই। আর এই বই ছাপা সম্ভব হয়েছে মুদ্রণযন্ত্র ও ছাপাখানা আবিষ্কারের ফলেই। কাজেই জ্ঞানসাধনা ও জ্ঞান বিস্তারে মুদ্রণযন্ত্র ও ছাপাখানার ভূমিকা অপরিসীম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল