রচনামূলক প্রশ্নোত্তর অংশ-১ প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে রচনামূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১। অধ্যায়-১ প্রশ্ন: তোমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো।উত্তর: আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ নিচে দেওয়া হলো: রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ। পুল, সাঁকো, সেতু, কালভার্ট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ। ধর্মীয় স্থান, সরকারি প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণ। গাছ লাগানো, পরিচর্যা এবং সামাজিক বনায়ন। এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা। নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা। এলাকার পানি সরবরাহের উৎসের যত্ন নেওয়া। খাল খননের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা করা। এলাকার শিক্ষার উন্নয়নের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম গ্রহণ করা। এলাকার লোকজনকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা ইত্যাদি। প্রশ্ন: যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আমাদের করণীয় সম্পর্কে লেখো।উত্তর: আমরা কেউ সারা দিন নিজগৃহে অবস্থান করি না। নানা প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়। এ কাজে আমরা রাস্তা, সাঁকো, সেতু প্রভৃতি ব্যবহার করি। এগুলো পর্যাপ্তসংখ্যক থাকলে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়। আমাদের চলাচল সহজ হয়। মালামাল পরিবহনে সুবিধা হয়। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়। সর্বোপরি আমাদের বসবাসের জন্য ভালো হয়। তাই আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতুর যত্ন নেব। সম্ভব হলে এগুলো নির্মাণ ও সংস্কারে সাহায্য করব। অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না। ময়লা-আবর্জনা এবং অন্য কোনো জিনিস রাস্তার ওপর স্তূপাকারে রেখে চলাচলে অসুবিধা সৃষ্টি করব না। মনে রাখতে হবে, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমরা আমাদের সাধ্যমতো বড়দের সঙ্গে এ কাজে অংশ নেব। সবাইকে এ বিষয়ে সচেতন করব।প্রশ্ন: পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কী?উত্তর: আমরা নিজের বসতবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগাব। এসব গাছে প্রয়োজনমতো বেড়া ও পানি দেব এবং এগুলো পরিচর্যা করব। অযথা গাছ কাটব না, গাছের ডাল ভাঙব না। কোনো কারণে একটি গাছ কাটলে আরেকটি গাছ লাগাব। শহরে যাদের বাড়িতে খোলা জায়গার অভাব রয়েছে, তারা বাড়ির বারান্দায় বা ছাদে টবে গাছ লাগাবে ও এগুলো পরিচর্যা করবে। কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল