প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর অংশ-৩ প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে রচনামূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩। অধ্যায়-১ প্রশ্ন: পরিবেশ সুন্দর রাখার প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কী?উত্তর: সুন্দর, সুস্থ জীবন যাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে গাছ। পরিবেশে যদি প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ না থাকে, তাহলে আমাদের নানা রকম অসুবিধা হতে পারে। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন—খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বৃক্ষ থেকে আসে। অনেক প্রয়োজনীয় ওষুধ বৃক্ষ থেকে পাওয়া যায়। বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে। প্রচণ্ড গরমে গাছের ছায়ায় আমরা একটু শীতল পরশ পাই। কিন্তু আমরা অনেক সময় গাছের গুরুত্ব না বুঝে নির্বিচারে গাছ কাটি। অনেক সময় শিশুরা চলার পথে অপ্রয়োজনে গাছের ডালপালা ভেঙে ফেলে রাখে। কোনো কারণে একটি গাছ কাটলে নতুন করে আর গাছ লাগানো হয় না। এতে আমাদের চারপাশ ও বসবাসের পরিবেশ নষ্ট হয়। প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়। পরিবেশ বিজ্ঞানীদের মতে, নির্বিচারে গাছপালা কাটার ফলে আমাদের দেশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশে বিপর্যয় দেখা দিতে পারে। অতিরিক্ত গাছ কাটার ফলে দেশের আবহাওয়া ও ভূপ্রকৃতিতে মরুকরণ প্রক্রিয়া শুরু হতে পারে।প্রশ্ন: কীভাবে এলাকাবাসীকে স্বনির্ভর করা যায়?উত্তর: বিভিন্ন এলাকায় বিভিন্ন অর্থনেতিক অবস্থার লোক বসবাস করে। আবার প্রতিটি এলাকাতেই জীবনধারণের প্রয়োজনীয় সব উপাদান তৈরি বা উৎপাদিত হয় না। ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন। এগুলো উৎপাদনের মাধ্যমে এলাকার দরিদ্র লোকজনকে স্বনির্ভর করে গড়ে তোলা যায়। এ ছাড়া ফল ও শাকসবজির চাষ এলাকার লোকজনের খাদ্য ও পুষ্টির জোগান দিতে পারে। সরকারের কৃষি বিভাগ ও অন্যান্য বেসরকারি সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং চারা ও বীজ সরবরাহ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড আয়োজনের মাধ্যমে এলাকাবাসীকে স্বাস্থ্য সচেতন ও স্বনির্ভর হতে আমরা সাহায্য করতে পারি। নিজ নিজ এলাকার উন্নয়নের লক্ষ্যে আমরা আরও কর্মকাণ্ড গ্রহণ করতে পারি। যেমন পুকুরের কচুরিপানা, ঝোপঝাড় ও ড্রেনের ময়লা পরিষ্কার করে মশা-মাছি নিধনের ব্যবস্থা করতে পারি। এলাকায় সমবায় পদ্ধতিতে মাছ চাষ, হাঁস-মুরগির চাষ করতে পারি। এতে মানুষের আয়-উপার্জন বাড়ানো যায়। পুষ্টির চাহিদাও পূরণ হয়। আমাদের দেশে প্রায় প্রতিবছর ঝড়, বন্যা প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, সেতু এবং প্রতিষ্ঠান মেরামতে অংশ নিতে পারি। এ সবকিছুই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অংশ। এলাকার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। তাই সব কাজে সামর্থ্য অনুযায়ী অংশ নেওয়া আমাদের দায়িত্ব। এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সমাজের সবার অংশগ্রহণ প্রয়োজন। সেই সঙ্গে এলাকার অধিবাসী হিসেবে বড়দের সঙ্গে ছোটরাও সাধ্যমতো এসব কাজে অংশ নেবে। এলাকার উন্নয়নে সাধ্যমতো অবদান রাখবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল