প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর অংশ-৪ প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে রচনামূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৪। অধ্যায় দুই প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়? উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন। ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের বাইরে একটি দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র জনগণের ব্যবহার ও কল্যাণের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সুযোগ-সুবিধা গড়ে তোলে। রাস্তাঘাট, সেতু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি রাষ্ট্রীয় সম্পদ। এ ছাড়া একটি দেশের প্রাকৃতিক সম্পদ যেমন—নদনদী, খালবিল, বনভূমি, বিভিন্ন খনিজসম্পদ ইত্যাদিও রাষ্ট্রীয় সম্পদের অন্তর্গত। এসব রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার অধিকার রাষ্ট্রের সব মানুষের রয়েছে। এ জন্য রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদ বলা হয়। আসলে সব সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র সমাজ ও মানুষের কল্যাণে তার সব সম্পদ ব্যবহার করে। প্রশ্ন: জনগণকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ের গুরুত্ব বর্ণনা করো। উত্তর: এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ। বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বিদ্যালয়ে শিক্ষালাভ করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হই। এ জন্য বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলা যায়। বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্নসহকারে ব্যবহার করব। কোনো জিনিসের যেন ক্ষতি না হয়, সেদিকে লক্ষ রাখব। বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব, বাগান করব ও এর পরিচর্যা করব। রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। আমরা অতি অল্প খরচে এসব প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারি। দেশের জনগণকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন: আমরা কীভাবে পরিবেশকে সুন্দর রাখব? উত্তর: এলাকার খোলা মাঠ, পার্ক ইত্যাদিও আমাদের সামাজিক সম্পদ। সুস্থ জীবন যাপনের জন্য আলো, বাতাস, বিনোদনের প্রয়োজন। এ জন্য দরকার খোলা জায়গা, পার্ক, মাঠ ইত্যাদি। এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। খোলা জায়গায়, পার্কের যেখানে-সেখানে কাগজপত্র, বোতল, ময়লা ইত্যাদি ফেলে আমাদের পরিবেশকে দূষিত করব না। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব। সমাজে ছোট-বড় সবাইকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করব। যেখানে-সেখানে ময়লা ফেলার ক্ষতিকর প্রভাব বুঝিয়ে বলব। সমাজে বড়দের সঙ্গে পরামর্শ করে বাড়িঘরের ময়লা-আবর্জনা ফেলার জন্য কয়েকটি নির্দিষ্ট স্থান বা ডাস্টবিনের ব্যবস্থা করব। ময়লা যাতে নিয়মিত নির্দিষ্ট স্থান এবং ডাস্টবিন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, সেদিকে খেয়াল রাখব। এতে করে আমাদের পরিবেশের উন্নতি হবে। প্রশ্ন: সামাজিক সম্পদ হিসেবে পাঠাগারের গুরুত্ব বর্ণনা করো। উত্তর: এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। পাঠ্যাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে। পত্রপত্রিকা থেকে আমরা আমাদের পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অর্জন করতে পারি। গল্পের বই, পত্রপত্রিকা, প্রবন্ধ ও অন্যান্য বই আমাদের মানসিক বিকাশ এবং উন্নতিতে অবদান রাখে। আমরা পাঠাগারের বই, পত্রপত্রিকা যত্নসহকারে পড়ব। পাঠাগারের বইয়ের ভেতরে কোনোরূপ মন্তব্য লেখা বা বই যাতে কাটাছেঁড়া ও চুরি না হয় সেদিকে খেয়াল রাখব। পাঠাগারের উন্নতির জন্য চেষ্টা করব। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল