রচনামূলক প্রশ্নোত্তর অংশ-৫ প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে রচনামূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৫। অধ্যায় দুইপ্রশ্ন: আমাদের জনজীবনে রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব বর্ণনা করো। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র। রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পেয়ে থাকি। তাই আমাদের জীবনে হাসপাতালের গুরুত্ব অপরিসীম। আমরা হাসপাতালের আইনকানুন মেনে চলব। হাসপাতালের যেখানে-সেখানে থুথু, ময়লা ফেলে হাসপাতাল নোংরা করব না। হাসপাতাল যাতে পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখব। আমাদের দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেমন—বাংলা একাডেমী, শিশু একাডেমী, গণগ্রন্থগার ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। দেশের শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের বিশেষ ভূমিকা রয়েছে। একইভাবে শিশুপার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বিনোদনমূলক রাষ্ট্রীয় সম্পদ। জাতীয় জাদুঘর ইত্যাদি থেকে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারি। এ ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ আমাদের রয়েছে। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আরও রয়েছে বিভিন্ন ধরনের যোগাযোগব্যবস্থা, যেমন—রাস্তাঘাট, ফ্লাইওভার, টেলিফোন, টেলিগ্রাফ, বিমান, রেলগাড়ি, রেলপথ, পানিপথ, স্টিমার, ফেরি ইত্যাদি। এগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতিতে এগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। যমুনা সেতু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এর মাধ্যমে দেশের যোগাযোগের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। অল্প সময়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে। ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য অঞ্চলের সেতুগুলো দেশের উন্নতিতে অবদান রাখছে। গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেমন—বিভিন্ন ধরনের খনিজ, বনভূমি, নদী, সমুদ্র প্রভৃতি। নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে। দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদীর পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচের ব্যবস্থা করি। নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়। এতে ফসলের পরিমাণ বাড়ে। নদীর মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে অল্প খরচে মালামাল আনা-নেওয়া করা যায়, যাতায়াত করা যায়। নদীকে আমাদের দেশের জীবন বলা হয়। সমুদ্র আমাদের লবণসহ অন্যান্য খনিজ সম্পদের আধার। তা ছাড়া সমুদ্র থেকে আমরা মাছ পাই। সমুদ্রবন্দর, বিমানবন্দরের মাধ্যমে দেশ-বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ সংঘটিত হয়। কাজেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া প্রয়োজন কেন? উত্তর: সামাজিক সম্পদ সমাজে বসবাসকারী সবার সম্পদ। একইভাবে রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ। এসব সম্পদের ব্যবহার করার অধিকার যেমন সবার আছে, তেমনি এগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব সমাজের ও রাষ্ট্রের সবার। সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার মধ্যেই রয়েছে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন। এসব সম্পদ ব্যবহরের নিয়মকানুন মেনে চললে আমাদের উন্নতি ত্বরান্বিত হবে। অপব্যবহার করলে সম্পদের ক্ষতি হয়। অনেক বাড়িতে রান্না শেষ হওয়ার পরও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়। গ্যাস এভাবে ব্যবহার করলে আমাদের গ্যাসের মজুদ অতি দ্রুত শেষ হয়ে যাবে। কাজেই গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। অনেকে রেলগাড়িতে বিনা টিকিটে ভ্রমণ করে। রেলগাড়িতে বসার আসন ছিঁড়ে ফেলে, কাটে ও রেললাইনের স্লিপার খুলে নিয়ে যায়। এতে রাষ্ট্রীয় সম্পদের যেমন ক্ষতি হয়, তেমনি যাত্রী ও জনগণের প্রাণহানি ঘটতে পারে। রাষ্ট্রীয় ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য গণসচেতনতা গড়ে তুলতে হবে। এতে আমরা অংশ নেব। সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের উন্নতির সঙ্গে আমাদের সবার উন্নতি জড়িত। কাজেই রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল