প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০: সমাজ ও গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকারচনামূলক প্রশ্নোত্তর অংশ-৬ প্রিয় শিক্ষার্থীরা, সমাজ বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে রচনামূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৬। অধ্যায়-৩প্রশ্ন: সুনাগরিকের কী কী গুণ থাকা দরকার? উত্তর: আমরা আমাদের প্রতিবেশীসহ সমাজের সবার সঙ্গে সদ্ভাব রাখব এবং সবার সঙ্গে সদাচরণ করব। প্রতিবেশী ও অন্যদের বিপদে-আপদে সাহায্য করব। বড়দের সম্মান করব। পরিবারের বৃদ্ধ সদস্যদের সেবা করব ও যত্ন নেব। গরিব-দুঃখীদের সাহায্য করব। ছোটবড়ো কারও মনে কষ্ট দেব না। ছোটদের ভালোবাসব। এভাবে আমরা ভালো বা ন্যায় কাজ করব। কাউকে কটু কথা বলা, কারও সঙ্গে ঝগড়াবিবাদ করা, শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা, গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা ইত্যাদি মন্দ ও অন্যায় কাজ। আমরা কখনো অন্যায় বা মন্দ কাজ করব না। যদি বুঝতে পারি, এ রকম কাজ কেউ করে, তাহলে তাকে সমর্থন করব না। আমাদের সবার দায়িত্ব, সব সময় ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় কাজ বর্জন করা। আমরা নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবে যোগ দেব। অন্যের ধর্মের প্রতি নেতিবাচক মনোভাব পোষন বা কটাক্ষ করব না। আমাদের চরিত্র গঠন, নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সামাজিক আচার-অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। নিজ ভাষা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে এগুলোর চর্চা করব। দেশ ক্ষতিগ্রস্থ হয় এমন কোন কাজ করব না। আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব। প্রশ্ন: জীবনে পরিপূর্ণ মানুষ হতে কী কী গুণাবলি প্রয়োজন? উত্তর: আমরা ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের সদস্য হবো এবং নিয়মকানুন মেনে চলব। একতা, সংঘবদ্ধতা, সহযোগিতা ইত্যাদি ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি। এ ছাড়াও আমরা সত্যবাদিতা, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, শিষ্ঠাচার, সদাচরণ, সহিষ্ণুতা, সহমর্মিতা ও সময়ানুবর্তিতা ইত্যাদি অনুসরণ করব। এগুলো হলো আমাদের সামাজিক মূল্যবোধ। একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে। সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। ফলে সমাজের মানুষের মধ্যে বন্ধন গভীর হয়। মানুষের মধ্যে ঐক্য স্থাপিত হয়। দেশের জন্য ভালোবাসা জন্মে। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায় এবং জীবনে শৃঙ্খলা আনে। পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল