শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকামানুষের বন্ধু গাছপালাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ‘মানুষের বন্ধু গাছপালা’ প্রবন্ধের প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: গাছপালা আমাদের কী কী ধরনের খাদ্যের জোগান দেয়?উত্তর: জীবন ধারণের জন্য খাদ্যের একান্ত প্রয়োজন। গাছপালা খাবার সরবরাহ করেও আমাদের জীবন বাঁচায়। গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগান দেয়। গাছপালার জোগান দেওয়া এসব খাদ্যের মধ্যে রয়েছে নানা রকম ফল, শাকসবজি, খাদ্যশস্য, চিনি, বাদাম ও তেল।প্রশ্ন: বাদামজাতীয় খাদ্য কোনগুলো? উত্তর: গাছপালার জোগান দেওয়া খাদ্যসমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য হলো বাদামজাতীয় খাদ্য। বাদামজাতীয় খাদ্যগুলো হলো চিনাবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তা ইত্যাদি।প্রশ্ন: চিনি বা শর্করাজাতীয় খাদ্য কোন কোন গাছ থেকে পাওয়া যায়?উত্তর: আমাদের প্রাত্যহিক খাদ্যতালিকায় চিনি বা শর্করাজাতীয় খাদ্যের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই চিনি বা শর্করাজাতীয় খাদ্যও আমরা পেয়ে থাকি বিভিন্ন রকমের গাছপালা থেকে। যেসব গাছ থেকে চিনি বা শর্করাজাতীয় খাদ্য পাওয়া যায় সেসব গাছ হলো আখ, খেজুর, তাল ইত্যাদি।প্রশ্ন: কোন কোন উদ্ভিদের বীজ বা মণ্ড থেকে আমরা তেল পাই?উত্তর: গাছপালা বা উদ্ভিদের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। অক্সিজেন সরবরাহ করা ছাড়াও গাছপালা বা উদ্ভিদ আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। আমাদের প্রাত্যহিক খাদ্যতালিকায় তেল একটি অপরিহার্য বস্তু। এই তেলজাতীয় খাবারও আমরা পেয়ে থাকি উদ্ভিদ বা গাছপালা থেকে। যেসব উদ্ভিদের বীজ বা মণ্ড থেকে আমরা তেল পাই সেসব উদ্ভিদ হলো সরিষা, নারকেল, তিল, বাদাম, সূর্যমুখী, সয়াবিন, জলপাই ইত্যাদি।প্রশ্ন: উদ্ভিদ থেকে আমরা কী কী মসলা পাই? উত্তর: উদ্ভিদ আমাদের পরম উপকারী বন্ধু। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, তার প্রায় সবকিছুই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এমনকি আমাদের খাদ্যদ্রব্য তৈরির উপাদান-উপকরণ মসলাও আমরা পেয়ে থাকি উদ্ভিদ থেকে। উদ্ভিদ থেকে আমরা যে যে মসলা পাই তাহলো মরিচ, কালোজিরা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনে, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল