শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্যসূচিতে রয়েছে ‘বিদায় হজ’। প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) ভাষণের শুরুতেই কার প্রশংসা করলেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) ভাষণের শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করলেন।প্রশ্ন: একদিন আমাদের কার কাছে হাজির হতে হবে?উত্তর: আল্লাহ তাআলার কাছে।প্রশ্ন: আল্লাহ তাআলা আমাদের কাছে কিসের হিসাব চাইবেন?উত্তর: পৃথিবীতে কৃতকর্মের হিসাব চাইবেন।প্রশ্ন: মুসলমানদের সম্পর্ক সম্বন্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?উত্তর: সব মুসলমান একে অন্যের ভাই।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে বলেছেন?উত্তর: সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখতে বলেছেন।প্রশ্ন: ভাইয়ের সম্পত্তি সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?উত্তর: ‘এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না’।প্রশ্ন: অপরাধ সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?উত্তর: একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না।প্রশ্ন: ভাষণ শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আকাশের দিকে তাকিয়ে কী বললেন?উত্তর: ‘হে আল্লাহ তাআলা, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি?’প্রশ্ন: বুঝিয়ে লেখ: হিজরি, যিলকদ, জাবালে রাহমাত, ক্রীতদাস।উত্তর: হিজরি: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা ছেড়ে মদিনা যাওয়ার দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। চাঁদের সঙ্গে যুক্ত বলে এই সালের মাসগুলোকে চান্দ্র মাস বলা হয়।যিলকদ: আরবি বছরের একটি মাসের নাম। যিলকদ মাসের পরের মাস যিলহজ। যিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়।জাবালে রাহমাত: মক্কার প্রায় আট কিলোমিটার দূরে আরাফাত মাঠের পাশে অবস্থিত পাহাড়ের নাম। এই পাহাড়ে দাঁড়িয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।ক্রীতদাস: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে লোক বেচাকেনা হতো। এ রকম কেনা লোকদের ক্রীতদাস বলা হতো। ক্রীতদাস-দাসীদের প্রতি নির্দয় ও অমানবিক আচরণ করা হতো। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ক্রীতদাস-দাসীদের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন।প্রশ্ন: হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের শেষ হজ ‘বিদায় হজ’ নামে পরিচিত। যিলকদ মাসের ২৫ তারিখে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসংখ্য সঙ্গী-সাথীসহ হজ পালনের উদ্দেশে মক্কার পথে যাত্রা করেন। যিলহজ মাসের ৫ তারিখে মহানবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র কাবা শরিফে উপনীত হন। আরব দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দু লাখ মানুষের উপস্থিতিতে হিজরি দশম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) জোর দিয়ে কী বলেছেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) জোর দিয়ে বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে, তাদের ওপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না।প্রশ্ন: আরাফাত ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মনের অবস্থা কেমন হয়েছিল?উত্তর: দশম হিজরির যিলহজ মাস। আরব দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লাখ মানুষ হজ পালন করার জন্য পবিত্র কাবা শরিফে এসেছেন। আরাফাতের ময়দানে লাখ লাখ মানুষ দেখে রাসূল হজরত মুহাম্মদ (সা.)-এর মন আনন্দে ভরে গেল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আবেগে আপ্লুত হলেন। জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করলেন। তারপর গভীর আবেগ আর অনুভূতি মিশিয়ে আরাফাত ময়দানে সমবেত মানুষের উদ্দেশ্যে তার জীবনের শেষ ভাষণ প্রদান করেন।প্রশ্ন: বিদায় হজের ভাষণে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ক্রীতদাস সম্পর্কে কী বলেছিলেন?উত্তর: আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণ বিশ্বমানবতার এক অমূল্য সম্পদ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার ভাষণে ক্রীতদাস-ক্রীতদাসী সম্পর্কে যা বলেছেন তা হলো:১. তোমাদের ক্রীতদাস-ক্রীতদাসীরাও আল্লাহ তাআলার বান্দা।২. তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না।৩. তোমরা নিজেরা যা খাবে, তাদেরও তাই খেতে দেবে।৪. নিজেরা যে কাপড় পরবে, তাদেরও তাই পরতে দেবে।৫. কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয়, তবে তাকে মেনে চলবে। তখন বংশ মর্যাদার কথা বলবে না।প্রশ্ন: ধর্ম সম্পর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ‘বিদায় হজ’ এর ভাষণ ইতিহাস বিখ্যাত একটি গুরুত্বপূর্ণ ভাষণ। এই ভাষণে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ধর্ম সম্পর্কে যে উপদেশ দিয়েছেন তা নিচে উল্লেখ করা হলো:১. ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ২. নিজের ধর্ম পালন করবে।৩. যারা অন্য ধর্ম পালন করে, তাদের ওপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন?উত্তর: হিজরি দশম সালে অনুষ্ঠিত বিদায় হজের ভাষণে রাসূল হজরত মুহাম্মদ (সা.) চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন। এই চারটি কথা হলো:১. আল্লাহ তাআলা ছাড়া অন্য কারও উপাসনা কোরো না।২. অন্যায়ভাবে মানুষকে হত্যা কোরো না।৩. পরের সম্পদ অপহরণ কোরো না।৪. কারও ওপর অত্যাচার কোরো না।প্রশ্ন: মহানবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন?উত্তর: বিশ্বমানবতার মুক্তিদূত, ইসলাম ধর্মের প্রবর্তক আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি আমাদের জন্য দুটি মহামূল্যবান জিনিস রেখে গেছেন। আমাদের কাছে তার রেখে যাওয়া সেই দুটি জিনিস হলো:এক. আল্লাহ তাআলার বাণী আল-কোরআন।দুই. আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ।এ সম্পর্কে তিনি বিদায় হজের ভাষণে বলেছেন, ‘এই দুটি জিনিস যত দিন তোমরা আঁকড়ে ধরে থাকবে, তত দিন কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না।’